প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:৩৪ এএম (ভিজিট : ২৪৯)

X
পাকিস্তানে অনুষ্ঠিতব্য সম্ভাব্য শান্তি বৈঠকের আগে দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণের দাবি জানিয়েছে ইরান। এসব শর্ত বাস্তবায়ন না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা শুরু করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আলোচনায় বসার আগে ইরানের পক্ষ থেকে দুটি শর্ত রয়েছে। এগুলো হলো- লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা।
গালিবাফের দাবি, এই দুটি বিষয়ে আগেই নীতিগত সমঝোতা হয়েছিল, তবে এখনো তা কার্যকর হয়নি। তিনি জোর দিয়ে বলেন, শর্তগুলো বাস্তবায়ন ছাড়া কোনো আলোচনায় অংশ নেওয়া উচিত নয়।
বর্তমানে লেবাননে চলমান সংঘাত এবং যুদ্ধবিরতি নিয়ে মতবিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ অবস্থায় ইরান আলোচনার আগে নিজেদের অবস্থান স্পষ্ট করে শর্ত পূরণের ওপর গুরুত্ব দিচ্ছে, যা কূটনৈতিক অগ্রগতিতে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।
শনিবার পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন। তবে ইরানের পক্ষ থেকে প্রতিনিধি দল বৈঠকে অংশ নিতে যাচ্ছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় এবং চীনের সহায়তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইরান। তবে নতুন করে শর্ত আরোপ করায় সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।