প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:৩৯ এএম (ভিজিট : ২৪)

X
উদ্ধার হওয়া নাবিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে
উত্তর আরব সাগরে বিপদগ্রস্ত একটি পণ্যবাহী জাহাজ থেকে ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। জানানো হয়, ‘গোল্ড অটাম’ নামের পণ্যবাহী জাহাজটি থেকে জরুরি সহায়তার সংকেত পাওয়ার পর নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
পরে জাহাজটি থেকে মোট ১৮ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে জানানো হয়েছে।
তবে কী কারণে জাহাজটি বিপদ সংকেত পাঠিয়েছিল বা নাবিকরা কেন সাহায্য চেয়েছিলেন এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
সামরিক বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।