
জানা যায়, ধলাই নদীর রানীরবাজার সংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সেখানে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মালিক মিয়াকে আটক করা হয়। এ সময় ট্রাকগুলোর চালকসহ মোট ১৫ জনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে ১৪ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মালিক মিয়া অপরাধ স্বীকার করায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অবৈধ বালু পরিবহনের কাজে নিয়োজিত ৪টি ট্রাক জব্দ করা হয়। অভিযান চলাকালে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে আদালতকে আইনগত সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, “অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সরকারি আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”