
সৈয়দপুরে হঠাৎ অসুস্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি
শনিবার (১১ এপ্রিল) সকালে দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে বিমানযোগে রওনা হন তিনি। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে বিশ্রাম কক্ষে অবস্থানকালে হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার দুপুর ১২টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিমানবন্দরে নামার পর মন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় অংশ নেন। এ সময় হঠাৎ মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি।
পরবর্তীতে তাকে দ্রুত নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় বলে জানা গেছে।
আব্দুর গফুর সরকার আরও জানান, প্রথমে মন্ত্রীকে দুপুর ১২টা ১০ মিনিটের একটি ফ্লাইটে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যে সৈয়দপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সেটি পৌঁছালে মন্ত্রীকে দ্রুত ঢাকায় নেওয়া হবে।