প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৫:২৯ পিএম (ভিজিট : ৪৯)

X
গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় উল্টো পথে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় তিশা হাওলাদার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার দুই শিশু আহত হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরের মীরের বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিশা হাওলাদার মহানগরীর করমতলা এলাকার আরিফ হোসেন দেওয়ানের স্ত্রী। আহতরা হলো- তাওয়াফ হোসেন দেওয়ান (৮) এবং নুর মোহাম্মদ দেওয়ান (৯)। তারা স্থানীয় নারায়নকুল এলাকার জাপান ইন্টার ন্যাশনাল স্কুলের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় মীরের বাজার এলাকায় প্রাইভেট পড়ানো শেষে সন্তানদের নিয়ে বাড়ি ফিরছিলেন তিশা। পথে মীরের বাজার রেলক্রসিং এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস উল্টো পথে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা তার দুই শিশু আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।
দুর্ঘটনার পরপরই চালক মাইক্রোবাসটি ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।