
X
জে ডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের সঙ্গে দীর্ঘ ২১ ঘণ্টার টানা আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন পাকিস্তান থেকে তাদের প্রতিনিধি দল প্রত্যাহারের পরিকল্পনা করছে।
রোববার (১২ এপ্রিল) ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা দ্বিতীয় দিনে গড়ানোর পর এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
আলোচনার প্রসঙ্গে ভ্যান্স বলেন, দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যা ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হতে পারে। তবে শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো না যাওয়াকে তিনি হতাশাজনক বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই আলোচনায় অংশ নিয়েছিল সম্পূর্ণ সদিচ্ছা ও নমনীয় মনোভাব নিয়ে। তার ভাষায়, “আমরা অত্যন্ত আন্তরিকতা ও সমঝোতার মানসিকতা নিয়ে আলোচনায় অংশ নিয়েছি, কিন্তু দুই পক্ষের মধ্যে ঐকমত্য গড়ে ওঠেনি এটি দুর্ভাগ্যজনক।”
পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে ভ্যান্স দেশটির প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শাল মুনিরের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি স্পষ্ট করে বলেন, আলোচনায় কোনো ধরনের ব্যর্থতার জন্য পাকিস্তান দায়ী নয়; বরং তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে মধ্যস্থতার দায়িত্ব পালন করেছে।
আলোচনার অগ্রগতি প্রসঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্র একটি সহজ ও কার্যকর প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে গেছে, যার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়ার একটি কাঠামো গড়ে তোলার চেষ্টা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভ্যান্স আরও উল্লেখ করেন, এই দীর্ঘ আলোচনার সময় তিনি একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেন, “গত ২১ ঘণ্টায় হয়তো ছয়বার কিংবা বারোবার আমরা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি।”
এসময় ভ্যান্সের সঙ্গে উপস্থিত ছিলেন ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। তারা উভয়ই ইরানের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া মার্কিন প্রতিনিধিদলের সদস্য ছিলেন।
দীর্ঘ সময় ধরে আলোচনার পরও কোনো সমঝোতা না হওয়ায় ভবিষ্যৎ কূটনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।