প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:৩৬ পিএম (ভিজিট : ১০৬)

X
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট (MWMP) উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্ল্যান্টটির উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। স্থানীয় সূত্র জানায়, জনস্বাস্থ্য খাতে তাঁর দূরদর্শী নেতৃত্ব, আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক তদারকির মাধ্যমে এ আধুনিক প্ল্যান্ট বাস্তবায়ন সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, আধুনিক এই প্ল্যান্টের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উৎপাদিত ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য বৈজ্ঞানিক ও পরিবেশসম্মত উপায়ে নিষ্পত্তি করা সম্ভব হবে। এতে হাসপাতালের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও নিরাপদ থাকবে এবং রোগী ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত হবে।
তারা আরও বলেন, এই উদ্যোগ শ্রীপুর উপজেলায় পরিবেশবান্ধব ও আধুনিক স্বাস্থ্যসেবার একটি নতুন দিগন্তের সূচনা করেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা একে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।