প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:২৭ পিএম (ভিজিট : ২৬)

X
আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল খান
৪০টি ক্লাবের বয়কটের মধ্যেই প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করেছিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির সদ্য বিলুপ্ত কমিটি। বৈরী পরিস্থিতিতে প্রথম বিভাগের ২০টির মধ্যে ১২ ক্লাবকে নিয়ে লিগ হয়েছে।
দ্বিতীয় বিভাগ লিগে ২৪টি ক্লাবের মধ্যে লিগে অংশ নিয়েছে ১২টি। তামিম ইকবাল সভাপতি হওয়ার পর বুলবুলদের বিরোধিতাকারী ক্লাবগুলো আলোচনার টেবিলে আনা হয়েছে।
শনিবার প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল বিসিবি। প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগে অংশগ্রহণ না করা ক্লাবগুলোকে শাস্তি হিসেবে নিচের লিগে অবনমিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন বুলবুলের পরিচালনা পর্ষদ।
কিন্তু বুলবুলদের বিরোধিতাকারী ক্লাবগুলো অবনমন চান না। সভাপতি তামিম ইকবালও ক্লাবগুলোর দাবি মেনে নিয়েছেন। এবার কোনো লিগেই অবনমন থাকছে না।
এর আগে বুধবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে তামিমের বৈঠকে মোহামেডানসহ কয়েকটি ক্লাব প্রথম ও দ্বিতীয় বিভাগের এই সমস্যাটির সমাধান না হলে ঢাকা প্রিমিয়ার লিগ বয়কটের হুঁশিয়ারি দেয়। এতে লিগ মাঠে গড়ানো নিয়ে আবার শঙ্কা দেখা দেয়। তবে তামিম সেই বিরোধ মিটিয়েছেন শনিবারের বৈঠকে।
এদিকে অবনমন নিয়ে সবগুলো ক্লাব একমত হলেও প্রমোশন নিয়ে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি। এ বছর প্রথম ও দ্বিতীয় বিভাগ খেলে ওপরের লিগে উন্নীত চারটি ক্লাব বিসিবির এ সিদ্ধান্ত মানতে রাজি নয় । এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট ক্লাবগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসার কথা জানিয়েছেন তামিম।
আলোচনায় মাধ্যমে দুটি পথই খোলা আছে তামিমদের সামনে। প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগে উপরে উঠা চারটি ক্লাবকে বোঝানো নয়তো ঢাকা লিগে দল সংখ্যা বাড়িয়ে আয়োজন করা। সেক্ষেত্রে প্রমোশন ব্যবস্থাতেও পরিবর্তন আনাটা নিশ্চিত। যদিও এখন পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।