যুদ্ধবিরতি শেষে আবারও ইরানে সামরিক হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা স্থায়ী সমাধান আনতে ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসন নতুন করে বিমান হামলার সম্ভাবনা খতিয়ে দেখছে।
খবরে আরও বলা হয়, সম্ভাব্য বিমান হামলার পাশাপাশি আরও কিছু কৌশলগত পদক্ষেপ বিবেচনায় রয়েছে। এর মধ্যে অন্যতম হলো হরমুজ প্রণালীতে অবরোধ, যা ইতোমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের বিকল্প খোলা রাখা হয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ইরানের ‘চাঁদাবাজি’ বন্ধের লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালীতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্কতার সঙ্গে অন্যান্য সম্ভাব্য পদক্ষেপও বিবেচনায় রাখছেন।
তবে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে যা বলা হয়েছে, তা নিশ্চিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, এ ধরনের তথ্য অনেকটাই অনুমাননির্ভর।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে এবং আন্তর্জাতিক কূটনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।