
X
সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
সিরাজগঞ্জে চিকিৎসা সেবায় নতুন এক মাইলফলক স্থাপন করেছে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। প্রথমবারের মতো এই হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে একটি জটিল মেরুদণ্ডের অস্ত্রোপচার। যা স্থানীয় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) এ উপলক্ষে রোগীকে সঙ্গে নিয়ে কেক কেটে আনন্দ উদযাপন করে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে অপারেশন টিমকে সম্মাননা জানানো হয়। স্বল্প ব্যয়ে সম্পন্ন হওয়া এই অস্ত্রোপচারের ফলে হাঁটতে না পারা এক যুবক এখন স্বাভাবিকভাবে হাঁটতে ও বসতে পারছেন।
হাসপাতাল সূত্র জানায়, রায়গঞ্জ উপজেলার চকনূর গ্রামের মৃত আবু বক্কারের ছেলে মো. মেরাজুল ইসলাম (২৪) গত ২ মার্চ গাছ কাটতে গিয়ে গুরুতর আহত হন। একটি গাছ তার পিঠের ওপর পড়ে গেলে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। পরে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করা হয় এবং ১৮ মার্চ পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে অপারেশনের জন্য দীর্ঘ সিরিয়াল ও প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ের কথা জানানো হয়। এতে পরিবারটি পুনরায় সিরাজগঞ্জে ফিরে আসে। পরে ২৮ মার্চ তাকে আবার একই হাসপাতালে ভর্তি করা হয়।
অর্থোপেডিক্স বিভাগ জানায়, বিভাগীয় প্রধান ডা. মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে ৭ এপ্রিল অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে প্রায় ১ লাখ টাকার মধ্যে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। এ ধরনের অপারেশন এর আগে এই জেলায় হয়নি। পুরো ব্যয়টি প্রয়োজনীয় সরঞ্জাম কিনতেই ব্যবহৃত হয়েছে।
অস্ত্রোপচারের পর মো. মেরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর তিনি হাঁটতে পারছিলেন না। এখন অপারেশনের পর তিনি হাঁটতে ও বসতে পারছেন।
রোগীর মা মোছা. মহারানি বলেন, ঢাকায় বেশি খরচের কথা জানানো হলে তারা আবার সিরাজগঞ্জে ফিরে আসেন। এখানে চিকিৎসার ফলে তার ছেলে এখন হাঁটতে পারছে।
এই অপারেশন টিমে ছিলেন সিনিয়র কনসালটেন্ট ডা. খাইরুল আনাম, জুনিয়র কনসালটেন্ট মো. রাজিব মাহমুদ এবং জুনিয়র কনসালটেন্ট কামাল আহমেদ।
অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. দেলোয়ার হোসেন বলেন, রোগীর অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এ ধরনের অস্ত্রোপচার সাধারণত এই হাসপাতালে হয় না, তবুও পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হয় এবং তা সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার নেতৃত্বে মেরুদণ্ডের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথমবারে সফলতা পেয়েছি।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, হাসপাতালে প্রথমবারের মতো মেরুদণ্ডের হাড়ের অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাই গর্বিত। স্বল্প ব্যয়ে এ ধরনের চিকিৎসা কার্যক্রম চালু রাখার বিষয়ে কর্তৃপক্ষ কাজ করছে।