প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৭:৪২ পিএম আপডেট: ১৬.০৪.২০২৬ ৭:৪৪ পিএম (ভিজিট : ৩০)

X
প্যাট কামিন্স
আঁধার শেষে আলোর রেখা দেখতে পাচ্ছেন প্যাট কামিন্স। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। সিডনিতে সবশেষ স্ক্যানের পর সানরাইজার্স হায়দরাবাদ দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
ব্লু মাউন্টেন্সে সপরিবারে ছুটি কাটানোর একটি ইনস্টাগ্রাম পোস্টে একটি মন্তব্যের প্রেক্ষিতে কামিন্স জানান যে, শুক্রবার তার ভারতে ফেরার কথা এবং ২৫শে এপ্রিল জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলার লক্ষ্য ঠিক করেছেন তিনি। আইপিএলের চলতি আসর শুরুর আগেও দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সানরাইজার্স অধিনায়ক। তবে তখন যে খেলতে পারবেন না, সেটা জানাই ছিল। স্রেফ দলের সঙ্গে সময় কাটাতেই সেই দফায় গিয়েছিলেন তিনি। পরে আবার দেশে ফিরে যান ৩২ বছর বয়সি পেসার।
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় প্রাথমিকভাবে কিছুটা ব্যথা অনুভব করার পর আগস্ট মাসে কামিন্সের কোমরের হাড়ে চাপজনিত সমস্যা ধরা পড়ে। সেই চোটই তাকে ধারণার চেয়ে অনেক বেশি সময় মাঠের বাইরে রাখছে। গত ৯ মাসে স্রেফ একটি ম্যাচ খেলতে পেরেছেন তিনি, অ্যাশেজের অ্যাডিলেইড টেস্টে।
গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে কিছুটা আশা ছিল এবং অস্ট্রেলিয়ার স্কোয়াডে তাকে রাখাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকেও ছিটকে পড়েন অভিজ্ঞ পেসার। আপাতত বাইরে আছেন তিনি আইপিএল থেকেও।
কামিন্সের অনুপস্থিতিতে সানরাইজার্সকে নেতৃত্ব দিচ্ছেন ইশান কিষান। ৫ ম্যাচের ২টি জিতে আপাতত পয়েন্ট তালিকার ৪ নম্বরে আছে দলটি। সমান পয়েন্ট যদিও ৫টি দলের, তবে রান রেটে তারা আছেন ওপরে।
কামিন্সের মাঠে ফেরা অস্ট্রেলিয়ার জন্য বড় সুখবর। তবে আইপিএলে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গভীরভাবে অনুসরণ করবে জাতীয় দলের নির্বাচকরা ও টিম ম্যানেজমেন্ট। আগামী অগাস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে পরবর্তী ১১ মাসের মধ্যে ২০টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়াকে স্বস্তি দিয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন কামিন্সের দীর্ঘদিনের বোলিং সঙ্গী জশ হেইজেলউড। চোটের কারণে তিনিও মাঠের বাইরে ছিলেন লম্বা সময়, অ্যাশেজে খেলতে পারেননি একটি ম্যাচেও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নেমে প্রথম ম্যাচে গত শুক্রবার একটু এলোমেলো থাকলেও বুধবার নিজের সেরা চেহারায় ফিরে ম্যান অব দা ম্যাচ হয়েছেন ৩৫ বছর বয়সি পেসার।