প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য দিচ্ছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির
আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে সরকারি সাবের মিয়া জসীমউদ্দিন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে ধারাবাহিকভাবে অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ধৈর্য, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং লক্ষ্য অর্জনে অবিচল থাকতে হবে।
পায়েল সাহার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. কবির আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. মাহবুব হাসান বাবর, আলিয়া মাদ্রাসা শিক্ষক ও মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং মুকসুদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম শরীফ এবং সিনিয়র সাংবাদিক ও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফল অর্জন করাই নয়, বরং সৎ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলা জরুরি। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক যুগে নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহায়তা করবে। তিনি সকল শিক্ষার্থীর সফলতা কামনা করেন এবং অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপ সফলভাবে অতিক্রম করতে পারলে ভবিষ্যতের পথ অনেকটাই সুগম হয়। তাই শিক্ষার্থীদের পরিকল্পিত প্রস্তুতি ও আত্মবিশ্বাসের সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
ড. কবির আহমেদ তার বক্তব্যে বলেন, শিক্ষা কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়; একজন শিক্ষার্থীকে নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
মো. মাহবুব হাসান বাবর বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা, সংস্কৃতি চর্চা এবং নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠা জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে বক্তব্য দিচ্ছেন সিনিয়র সাংবাদিক ও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া
সিনিয়র সাংবাদিক ও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের প্রযুক্তি, নৈতিকতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন ফারিয়া সুলতানা ও নওরীন জামান। এছাড়াও শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন তহুরা চৌধুরী, সৌমজিৎ পাল, প্রাচুর্যা দাস ও খায়রুল আলম সায়াদ। বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুসলিমা আক্তার তারিন ও অর্ণব চক্রবর্তী এবং শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাবু সুব্রত ঠিকাদার।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সততা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধ ধারণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, অনেক শিক্ষার্থী শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে কাটানো স্মৃতিময় মুহূর্ত স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়ে।
শেষে শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।