প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:৫২ পিএম (ভিজিট : ৪২)

X
পুনেতে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচের সময় স্টিভেন স্মিথ ও মেহেদী হাসান মিরাজ।
আসছে জুনে দীর্ঘ এক প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সফরের বিষয়টি আজ নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। শেষবার ২০২১ সালে যখন বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া সেবার ৫ ম্যাচের টি২০ সিরিজ খেলেছিল দুই দল।
ঘরের মাঠে ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশে এসে অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলার বয়স দাঁড়িয়েছে ১৫ বছর। ২০১১ সালের সেই সফরে ৩-০ ব্যবধানের জয় নিয়ে দেশে ফেরে অস্ট্রেলিয়া। এবারের সিরিজটিও তিন ম্যাচের।
অবশ্য শুধু ওয়ানডে নয়, সমান ৩ ম্যাচের টি২০ সিরিজও থাকছে এবারের সফরে। এবারের দ্বিপক্ষীয় সিরিজটি ৫ জুন শুরু হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের জন্য পরিবর্তন এসেছে। তাই ৯ জুন থেকে ওয়ানডে সিরিজটি শুরু হবে।
বাকি দুই ম্যাচ ১১ ও ১৪ জুন। সব ম্যাচ মিরপুরে। অন্যদিকে টি২০ সিরিজের সব ম্যাচ চট্টগ্রামে। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটি শুরু হবে ১৭ জুন। বাকি দুটি ১৯ ও ২১ জুন।
আর এই সিরিজের পর বাংলাদেশও অস্ট্রেলিয়া সফর করবে। ১৮ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। দীর্ঘ সংস্করণের সিরিজটি খেলতে আগস্টে দেশ ছাড়বে বাংলাদেশ।