প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:১০ পিএম (ভিজিট : ৩৬)

X
: ফিফটি করার পর ব্যাট উঁচিয়ে ধরছেন সাইফ হাসান
ব্যক্তিগত ১ রানেই ফেরার কথা ছিল সাইফ হাসানের। তবে ভাগ্যের সহায়তায় বেঁচে যান তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারে নাথান স্মিথের বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন বাংলাদেশি ওপেনার। তা তালুবন্দি করতে পারলেন না নিউজিল্যান্ডের ওপেনার হেনরি নিকোলস।
জীবন পেয়ে পরে ফিফটি তুলে নিয়েছেন সাইফ। ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটির ইনিংসটি অবশ্য বড় করতে পারেননি। ব্যক্তিগত ৫৭ রানে পরে বাউন্ডারি হাঁকাতে গিয়ে উলিয়াম ও’রুকির বলে সাজঘরে ফিরেছেন তিনি। ৮ চার ও ১ ছক্কায় ড্রেসিংরুমে ফেরার আগে বাংলাদেশকে ম্যাচে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছেন সাইফ।
তৃতীয় উইকেটে লিটন দাসের সঙ্গে ৯৩ রানের জুটি গড়ে। তাদের এই জুটিতেই শুরুর ধাক্কা সামলে ওঠে স্বাগতিকেরা।
দলীয় ২১ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের সে সময় প্রয়োজন ছিল ম্যাচের হাল ধরার। সেই কাজটাই তৃতীয় উইকেটে করেছেন সাইফ-লিটন। ইনিংসের চতুর্থ ওভারে নাথান স্মিথের করা টানা দুই বলে আউট হন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তানজিদ তামিমের ২ রানের বিপরীতে রানের খাতাই খুলতে পারেননি শান্ত।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের জয়ের জন্য এখনো ১২৪ রান প্রয়োজন। হাতে রয়েছে ২৫ ওভার। বর্তমানে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১২৪ রান। ব্যাটিংয়ে আছেন লিটন ও তাওহিদ হৃদয়। লিটনের ৪১ রানের বিপরীতে ৭ রানে অপরাজিত আছেন হৃদয়। এর আগে হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটের জোড়া ফিফটিতে ৮ উইকেটে ২৪৭ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।