প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:১৩ পিএম (ভিজিট : ১৮৫)

X
গাজীপুরে প্রায় ৪ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে
গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ শিশুকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৮এপ্রিল) গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ এপ্রিল (সোমবার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার ৯৩৬টি কমিউনিটি এবং ২৩৪টি বিদ্যালয়ভিত্তিক টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
প্রদত্ত তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত ৩০৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে হাসপাতালে ভর্তি ২৭৪ জন। এছাড়া ২১৯ জন সুস্থ হয়েছে এবং ৫৪ জনের শরীরে হাম পজেটিভ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত গাজীপুরের হাসপাতাল গুলোতে হাম- রুবেলায় আক্রান্ত কোনো শিশু মৃত্যুর ঘটনা ঘটেনি।
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য, প্রস্তুতি ও করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশন মাধ্যমে তথ্য উপস্থাপন করেন ডা. সাবরিনা মোহনা।
এ সময় উপস্থিত ছিলেন ডা. রুবানা আফসান, ডা. জাসেম ফারহান প্রমুখ। সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিভাবকগণকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিকটস্থ কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।