নতুন কোচ নিয়ে টেস্ট খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশে আবারও টেস্ট সিরিজ খেলতে আসছে পাকিস্তান ক্রিকেট দল। প্রায় পাঁচ বছর পর আসা এই সফরে চার নতুন

2026-04-18T18:35:10+00:00
2026-04-18T18:35:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নতুন কোচ নিয়ে টেস্ট খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:৩৫ পিএম   (ভিজিট : ৪৪)
পাকিস্তানের প্রধান কোচ হয়েছেন সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।
X

পাকিস্তানের প্রধান কোচ হয়েছেন সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।

বাংলাদেশে আবারও টেস্ট সিরিজ খেলতে আসছে পাকিস্তান ক্রিকেট দল। প্রায় পাঁচ বছর পর আসা এই সফরে চার নতুন ক্রিকেটার ও নতুন কোচ নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ দল।

তিন ম্যাচের এই সিরিজ শেষে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এই দুই দল টি২০ লড়াইয়েও মুখোমুখি হবে। সিরিজ শেষ হতেই বাংলাদেশের সামনে পাকিস্তান। আগামী ৩ মে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান টেস্ট দল। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ মে, যা গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুই ম্যাচের এই সিরিজ ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। সবশেষ ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। সেই সফরে তারা দুটি টেস্ট এবং তিনটি টি২০ ম্যাচ খেলেছিল।

অন্যদিকে বাংলাদেশ-পাকিস্তানের সর্বশেষ টেস্ট ম্যাচটি হয়েছিল ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। সেই সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তান সিরিজ শেষে জুনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। ১৫ বছর পর আবারও বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। তারা খেলবে তিনটি ওয়ানডে এবং তিনটি টি২০ ম্যাচ। ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন, আর টি২০ সিরিজ শুরু হবে ১৭ জুন।

গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সরফরাজ আহমেদ। এর আগেই অবশ্য হয়ে গেছেন জাতীয় দলের নির্বাচক। এখন তার পরিচয়, পাকিস্তান টেস্ট দলের কোচ। বাংলাদেশ সফর দিয়ে শুরু হচ্ছে লাল বলের দলের কোচ হিসেবে সাবেক এই অধিনায়কের পথচলা।

কোচিং স্টাফে সরফরাজের দুই সঙ্গীও নতুন। ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক ব্যাটসম্যান আসাদ শাফিক। বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পেসার উমর গুল। ৩৮ বছর বয়সি সরফরাজ টেস্ট কোচের দায়িত্ব পেতে চলেছেন বলে গুঞ্জন ছিল কিছুদিন ধরেই। সেটিই এবার সত্যি হলো। ৪০ বছর বয়সি শাফিক ব্যাটিং কোচ হওয়ার আগে জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন বেশ কিছুদিন। ৪৩ বছর বয়সি গুল বিভিন্ন দলে বোলিং কোচ বা পরার্শকের কাজ করে আসছেন বেশ কিছুদিন ধরেই।

নতুন কোচিং স্টাফের পাশাপাশি ১৬ জনের স্কোয়াডে নতুন ক্রিকেটারও আছেন চারজন। প্রথমবারের মতো পাকিস্তানের টেস্ট দলে সুযোগ পেয়েছেন আব্দুল্লাহ ফাজাল, আজান আওয়াইস, আমাদ বাট ও মুহাম্মাদ গাজি ঘোরি। চারজনের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে কেবল গাজি ঘোরির। গত মাসে বাংলাদেশ সফরে একটি ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন এই কিপার-ব্যাটার। আমাদ ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষেই টি২০ দলে ছিলেন। তবে মাঠে নামার সুযোগ পাননি। ফাজাল ও আজান সব মিলিয়েই জাতীয় দলে ডাক পলেন প্রথমবার।

ফাজাল ও আজান ওপেনার। এই সফরে দুজনের অন্তত একজনের টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল। ২৩ বছর বয়সী ফাজাল ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪ সেঞ্চুরি ও ১০ ফিফটিতে ১ হাজার ৮২৮ রান করেছেন ৪১.৫৪ গড়ে। এখন তিনি পিএসএল খেলছেন রাওয়ালপিন্ডিজের হয়ে। আজানকে মনে করা হয় দীর্ঘ পরিসরের ক্রিকেটে পাকিস্তানের ব্যাটিংয়ের সম্ভাব্য ভবিষ্যৎ তারকা। ৩৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১০টি সেঞ্চুরি করেছেন ২১ বছর বয়সি এই ব্যাটসম্যান। ৪৮.৬০ গড়ে রান করেছেন ২ হাজার ৬৭৩।

আর ২৩ বছর বয়সি গাজি ঘোরিকে দলে রাখা হয়েছে মূলত বিকল্প কিপার-ব্যাটার হিসেবে। ২৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩ সেঞ্চুরিতে ১ হাজার ৬৯২ রান করেছেন তিনি ৪১.২৬ গড়ে। দলের আরেক নতুন মুখ আমাদ বাট পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ পেসার। ৬৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২০৫টি উইকেট নিয়েছেন তিনি, ব্যাট হাতে করেছেন ১টি সেঞ্চুরি ও ১০ ফিফটি। ৩০ বছর বয়সি পেসারের বিপিএল খেলার অভিজ্ঞতাও আছে। ২০২২-২৩ বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে ৫টি ম্যাচ খেলেছিলেন তিনি।

সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পাকিস্তান দল থেকে এবার জায়গা হারিয়েছেন আব্দুল্লাহ শাফিক, রোহাইল নাজির, আমির জামাল, আসিফ আফ্রিদি, কামরান গুলাম, আবরার আহমেদ ও ফায়সাল আকরাম। দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার মোহাম্মাদ আব্বাস। সবশেষ গত বছরর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলেছেন এই সুইং বোলার। ৩৬ বছর বয়সি পেসার আপাতত ব্যস্ত কাউন্টি ক্রিকেটে।

পেস আক্রমণে আব্বাসের সঙ্গী শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, খুররাম শাহজাদ ও আমাদ। স্পিন আক্রমণের মূল দুই অস্ত্র সাজিদ খান ও নোমান আলি। অফ স্পিনার সাজিদ ২০২১ সালে বাংলাদেশ সফরে দুই টেস্টে উইকেট নিয়েছিলেন ১৬টি। মিরপুরে এক ইনিংসে ৮টি ও ম্যাচে নিয়েছিলেন ১২ উইকেট। ৩৯ বছর বয়সি বাঁহাতি স্পিনার নোমান বাংলাদেশের বিপক্ষে ২ টেস্ট খেলে উইকেট পাননি।

আর এই দলের ৫ ক্রিকেটার ইমাম, নোমান, সাজিদ আজান ও গাজি ঘোরি পাকিস্তান সুপার লিগে নেই, তারা লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে লাল বলের ক্রিকেটের ক্যাম্প করছেন। বাংলাদেশে আসার আগে ২৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ক্যাম্পে যোগ দেবেন পিএসএল থেকে ছিটকে পড়া অন্য ক্রিকেটাররা। তারা দেশ ছাড়বেন ২ মে। পিএসএলের ফাইনাল ৩ মে। সেখানে কোনো ক্রিকেটার থাকলে তিনি ফাইনাল খেলে ঢাকায় যোগ দেবেন দলের সঙ্গে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মিরপুরে আগামী ৮ মে থেকে, পরেরটি সিলেটে ১৬ মে থেকে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ।
বাংলাদেশ সফরের পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফাজাল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলি, ইমাম-উল-হাক, খুররাম শাহজাদ, মোহাম্মাদ আব্বাস, মোহাম্মাদ রিজওয়ান, মুহাম্মাদ গাজি ঘোরি, নোমান আলি, সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy