প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:০২ পিএম (ভিজিট : ১২০৩)

X
হিজরি ১৪৪৭ সালের জিলকদ মাসের সূচনা
দিনের উজ্জ্বল আলোয়ই আকাশে দেখা মিলেছে নতুন চাঁদের, যা সচরাচর খুবই বিরল একটি ঘটনা। সংযুক্ত আরব আমিরাতে এই ব্যতিক্রমী দৃশ্যের মধ্য দিয়েই হিজরি ১৪৪৭ সালের জিলকদ মাসের সূচনা হয়েছে।
এ চাঁদ দেখার তথ্যের ওপর ভিত্তি করে জ্যোতির্বিজ্ঞানীরা আসন্ন জিলহজ মাস এবং পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ সম্পর্কেও পূর্বাভাস দিয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় এ চাঁদের ছবি তোলা সম্ভব হয়। পর্যবেক্ষণ কেন্দ্রের উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে- তখন চাঁদের বয়স ছিল ১৬ দশমিক ৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে ১১ দশমিক ৭ ডিগ্রি দূরে অবস্থান করছিল।
এ বিরল মুহূর্তের ছবি ধারণ করেন জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা। তার সঙ্গে পর্যবেক্ষণ কাজে অংশ নেন কেন্দ্রের গবেষক দলভুক্ত খালফান আল নাইমি, ওসামা ঘানিম ও আনাস মুহাম্মদ। নতুন চাঁদ দেখা যাওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ঘিরে প্রস্তুতির সময় গণনা শুরু হয়েছে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বোর্ড চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী ২০২৬ সালে ঈদুল আজহা উদযাপিত হতে পারে ২৭ মে (বুধবার)। সেই হিসেবে হজের গুরুত্বপূর্ণ পর্ব পবিত্র আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে (মঙ্গলবার)।
ইসলামী অন্যান্য উৎসবের মতোই জিলহজ মাসের নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদুল আজহার তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। তবে বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের মানুষজন আগামী মাসে দীর্ঘ ছুটির সম্ভাবনার অপেক্ষায় আছেন।
সাধারণভাবে আরাফাত দিবস ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারিভাবে চার দিনের ছুটি ঘোষণা করা হয়। কিন্তু সাপ্তাহিক ছুটি যুক্ত হলে এই অবকাশকাল মোট ৯ দিন পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায় এবং সেই অনুযায়ী ধর্মীয় উৎসব পালিত হয়।