প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:৩৩ পিএম (ভিজিট : ১৯)

X
কার্লোস আলকারেজ (বাঁয়ে) ও নোভাক জোকোভিচ।
ফরাসি ওপেনের প্রস্তুতিপর্বে সমস্যা পিছু ছাড়ছে না কার্লোস আলকারেজ ও নোভাক জোকোভিচের। চোটের ছোবলে ক্লে কোর্টের টুর্নামেন্ট মাদ্রিদ ওপেন থেকে সরে গেছেন এই দুই তারকা।
বিশ্ব র্যাঙ্কিংয়ের দুই নম্বর আলাকারাজের সমস্যা কব্জিতে এবং এই কারণেই গত সপ্তাহে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডের পর, টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। আগামী মঙ্গলবার শুরু হবে মাদ্রিদ ওপেনে। নিজ দেশের রাজধানীতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে খেলতে না পারা বেশিই কষ্ট দিচ্ছে এই স্প্যানিশ তারকাকে।
“মাদ্রিদ আমার বাড়ি, বছরে যত টুর্নামেন্ট খেলি তার মধ্যে সবচেয়ে বিশেষ কয়েকটির মধ্যে এটা একটা। আর একারণেই টানা দ্বিতীয়বার এখানে খেলতে না পারাটা আমাকে কষ্ট দিচ্ছে।”
সাতবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা ইনস্টাগ্রাম পোস্টে আরও লিখেছেন, “বিশেষ করে, যে টুর্নামেন্ট আমার কাছে এত স্পেশাল, সেখানে আমার ভক্তদের সামনে আসতে না পারায় খারাপ লাগছে। সবসময় সমর্থন জানানোর জন্য ধন্যবাদ আপনাদের এবং আশা করি, খুব শীঘ্রই দেখা হবে।”
ফরাসি ওপেনের আগে সময় বেশি নেই। এর আগে নিজেকে প্রস্তুত করে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জে আলকারাসের জন্য, বছরের দ্বিতীয় এই গ্র্যান্ড স্ল্যামে টানা তৃতীয় শিরোপা জয়ের হাতছানি ২১ বছর বয়সি তারকার সামনে।
আর রোলা গাঁরোয় আগামী ১৮ মে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ৭ জুন পর্যন্ত। রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচের সামনেও এখন একই শঙ্কা- ফরাসি ওপেনের আগে ফিটনেস ফিরে পাবেন তো তিনি? আগামী মাসে ৩৯ বছর পূর্ণ হবে এই সার্ব তারকার। বয়সের কারণেই কিনা, গত কয়েকটি মেজর টুর্নামেন্ট চলাকালীন তাকে চোটের সঙ্গে লড়াই করতে দেখা গেছে, বারবার ফিটনেস সমস্যায় ভুগেছেন।
আর এই যেমন, গত মাসে ইন্ডিয়ান ওয়েলসের চতুর্থ রাউন্ডে জ্যাক ড্র্যাপারের বিপক্ষে হারের পর, আর কোর্টে নামেননি জোকোভিচ। কাঁধের চোটের কারণে মায়ামি ও মন্টে কার্লোয় মাস্টার্স-১০০০ ইভেন্টে খেলতে পারেননি তিনি এবং এখনও খেলায় ফেরার জন্য প্রস্তুত নন।
ফরাসি ওপেনের তিনবারের চ্যাম্পিয়ন তারকাও ইনস্টাগ্রাম পোস্টে মাদ্রিদ ওপেনে না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন। “মাদ্রিদ, দুর্ভাগ্যবশত আমি (এই টুর্নামেন্টে) এ বছর প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না। খুব দ্রুত (কোর্টে) ফিরতে আমি পুনর্বাসন চালিয়ে যাচ্ছি।”