প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:১৯ পিএম (ভিজিট : ২৯)

X
সিরাজগঞ্জে হাম-রুবেলা টিকা নিশ্চিত করতে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৩টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. নুরুল আলীম।
সভায় শুরুতেই হাম-রুবেলা বিষয়ে একটি সচেতনতামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন তিনি। এতে জানানো হয়, জেলায় মোট ৩ লাখ ৯৪ হাজার ৩৯৬ জন শিশু এ টিকার আওতায় আসবে। আগামীকাল সোমবার থেকে শুরু হয়ে ১০ মে পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা টিকা পাবে।
জেলায় ১৪টি স্থায়ী টিকাদান কেন্দ্র এবং ২ হাজার ২৬৪টি অস্থায়ী কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কমিউনিটি পর্যায়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৪১৬ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ৫৫ হাজার ৯৮০ জন শিশু।
সর্বশেষ তথ্যে জেলায় ২৩০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত ১৭১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যার মধ্যে ৫৫ জনের ফলাফল পাওয়া গেছে। এর ভিত্তিতে ১১ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১০৭ জনের বেশি ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। তবে সন্দেহজনক হামজনিত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হাম একটি প্রতিরোধযোগ্য রোগ এবং নির্ধারিত সময়ে দুই ডোজ টিকা গ্রহণ করলে প্রায় ৯৯ শতাংশ সুরক্ষা পাওয়া সম্ভব। এ জন্য সকল অভিভাবককে শিশুদের টিকা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
ডা. নুরুল আলীম বলেন, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সকল শিশুকে টিকার আওতায় আনা হবে। সবার সহযোগিতায় শতভাগ টিকাদান নিশ্চিত করার আশা প্রকাশ করেন তিনি। আগামীকাল ২০ এপ্রিল সকাল ১০টায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে।
এ সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. রিয়াজুল ইসলাম, ডা. ফারিহা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুণ অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।