প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:৫২ পিএম আপডেট: ১৯.০৪.২০২৬ ৭:০১ পিএম (ভিজিট : ১১৩)

X
নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান এবং পরিচালক ও চট্টগ্রাম রিজিয়নের কো-চেয়ারম্যান আবদুল গাফফার মিয়াজী ও সারিস্ত বিনতে নুর|
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রার্থীদের সক্রিয় উপস্থিতি এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
ভোট গ্রহণ শেষে রাত ১টার দিকে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা সম্পন্ন করে নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফলাফলে প্রেসিডেন্ট পদে ড. মো. আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আব্দুর রাজ্জাক নির্বাচিত হন।
চট্টগ্রাম রিজিয়ন থেকে ভাইস প্রেসিডেন্ট পদে মোহাম্মদ মোরশেদুল হাসান সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই রিজিয়ন থেকে পরিচালক পদে এ এস এম আব্দুল গাফফার মিয়াজী এবং সারিস্ত বিনতে নুর নির্বাচিত হন।
এছাড়া চট্টগ্রাম রিজিওনাল কমিটির আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জি. শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এস এম শহিদুল্লাহ এবং আশীষ রায় চৌধুরী।
নবনির্বাচিত নেতারা আবাসন খাতের ডেভেলপার, ক্রেতা, বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অংশীজনদের সঙ্গে সমন্বয় করে খাতটির উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা বলেন, দীর্ঘদিনের নীতিগত জটিলতা, উচ্চ নিবন্ধন ব্যয়, ব্যাংক ঋণের সীমাবদ্ধতা এবং অনুমোদন প্রক্রিয়ার ধীরগতির মতো সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
নেতারা আরও জানান, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, আধুনিক নগরায়ন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।