মতলব উত্তরে কমিউনিটি ক্লিনিকে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, বঞ্চিত রুগীরা

চাঁদপুর (মতলব) প্রতিনিধি

স্বাস্থ্য

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৪২ টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৬টি উপ-স্বাস্থ্যকেন্দ্রও রয়েছে। তবে অভিযোগ উঠেছে, এসব কেন্দ্রের কোনোটি

2026-04-21T12:50:53+00:00
2026-04-21T12:50:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মতলব উত্তরে কমিউনিটি ক্লিনিকে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, বঞ্চিত রুগীরা
চাঁদপুর (মতলব) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১২:৫০ পিএম   (ভিজিট : ১৬৫)
মতলব উত্তরে কমিউনিটি ক্লিনিকে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, বঞ্চিত রুগীরা
X

মতলব উত্তরে কমিউনিটি ক্লিনিকে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, বঞ্চিত রুগীরা

চাঁদপুরের মতলব উত্তর  উপজেলায় ৪২ টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৬টি উপ-স্বাস্থ্যকেন্দ্রও রয়েছে। তবে অভিযোগ উঠেছে, এসব কেন্দ্রের কোনোটি থেকেই রোগীরা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়ার কথা থাকলেও বাস্তবে অধিকাংশ ক্লিনিকে এ সময়সূচি মানা হচ্ছে না। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

গ্রামীণ জন-গোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ কমিউনিটি ক্লিনিক। তবে তদারকির অভাব ও দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের অনিয়মিত উপস্থিতির কারণে অনেক এলাকাতেই এই সেবা কার্যত ব্যাহত হচ্ছে। ফলে প্রাথমিক চিকিৎসা, মাতৃসেবা ও শিশুসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।  মতলব উত্তর  উপজেলার চরাঞ্চলের মানুষ এসব ক্লিনিকের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল। যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা ও দূরত্বের কারণে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা শহরের চিকিৎসাকেন্দ্রে সহজে যেতে পারেন না। ফলে কমিউনিটি ক্লিনিকই তাদের প্রধান ভরসা। কিন্তু সেই ক্লিনিক গুলোতেই সঠিক সময়ে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী না পাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়ছেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, 'সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লিনিকে গিয়ে কাউকে পাওয়া যায় না। অনেক সময় দরজাও বন্ধ থাকে। জরুরি প্রয়োজনে ফোন করলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা ফোন ধরেন না।' 

খোঁজ নিয়ে জানা যায়,একটি কমিউনিটি ক্লিনিকে একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, একজন স্বাস্থ্য সহকারী এবং একজন পরিবার কল্যাণ সহকারী থাকার কথা। তারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, কেউই নিয়মিত ক্লিনিকে উপস্থিত থাকেন না।

সরেজমিনে মতলব উত্তর  উপজেলার টরকি উপ-স্বাস্থ্যকেন্দ্র, ইসলামাবাদ উপ-স্বাস্থ্যকেন্দ্র, লুধুয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ ,ইন্দুরিয়া, এনায়েতনগর,ফতেপুর, ফরাজিকান্দি,লুধুয়া, এখলাসপুর,মোহনপুর ও বাগানবাড়ি এলাকার কয়েকটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে দেখা যায়, প্রতিটি ক্লিনিকের সামনে রোগীর উপস্থিতি থাকলেও অধিকাংশ ক্লিনিকের দরজায় তালা ঝুলছে।

সুজাতপুর এলাকার বাসিন্দা নয়ন চন্দ্র বলেন, ছোটখাটো চিকিৎসার জন্য তারা নিয়মিত কমিউনিটি ক্লিনিকে গেলেও অধিকাংশ সময় সেখানে চিকিৎসক পাওয়া যায় না, ফলে বাধ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। একইভাবে ইসলামাবাদ এলাকার এক গর্ভবতী নারী জানান, নিয়মিত চেকআপের জন্য ক্লিনিকে এলেও প্রয়োজনীয় সব সেবা সেখানে পাওয়া যায় না, যার কারণে তাকে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে যা তার জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের অনিয়মের কারণে বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। হঠাৎ অসুস্থতা বা জরুরি পরিস্থিতিতে ক্লিনিকে গিয়ে চিকিৎসা না পেয়ে তাদের অন্যত্র যেতে হচ্ছে, যা সময় ও খরচ দুই দিক থেকেই বাড়তি চাপ সৃষ্টি করছে। চরাঞ্চলের রোগীদের জন্য এই ভোগান্তি আরো বেশি, কারণ তাদের বিকল্প চিকিৎসাকেন্দ্র অনেক দূরে অবস্থিত।

একাধিক ভুক্তভোগী জানান, 'জরুরি প্রয়োজনে দায়িত্বপ্রাপ্তদের মোবাইল নম্বরে বারবার ফোন করা হলেও অনেক সময় ফোন বন্ধ পাওয়া যায়। এতে করে রোগীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। নিয়মিত তদারকি না থাকায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে দায়িত্ববোধের অভাব দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি নিয়মিত মনিটরিং করত, তাহলে এ ধরনের সমস্যা অনেকাংশে কমে যেত।'

মতলব উত্তর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজন কুমার দাস  জানান, আমি কিছুদিন হয় এখানে যোগদান করেছি,খোজ খবর নিয়ে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। 





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy