প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:০০ পিএম (ভিজিট : ৪৫)

X
ভূমি প্রতিমন্ত্রী
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, ভূমি ব্যবস্থাপনায় যারা নিয়োজিত আছেন, তারা সেবকের ভূমিকায় থাকবেন। জনসেবার ক্ষেত্রে কোনোভাবেই দীর্ঘসূত্রিতা কাম্য নয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ঢাকার সাতরাস্তায় অবস্থিত ভূমি ভবন পরিদর্শনকালে তিনি একথা বলেন। পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।এছাড়া ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. এমদাদুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পরিদর্শনকালে ভূমি ভবনের ভূমি জাদুঘর, শিশু দিবাযত্ন কেন্দ্র, সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং সেল, ভূমি সেবা কেন্দ্র এবং ভূমিসেবা কল সেন্টার রুম ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের কার্যক্রমের খোঁজখবর নেন।
উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় যারা আপনারা নিয়োজিত আছেন, তারা সেবকের ভূমিকায় থাকবেন। ভূমির প্রকৃত মালিক সাধারণ মানুষের সহযোগিতায় আপনারা সর্বদা নিবেদিত থাকবেন।
ভূমি প্রতিমন্ত্রী আরও গুরুত্বারোপ করে বলেন- দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও বেশি তৎপর হতে হবে। কাজের গতিশীলতা বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, সব ধরণের কাজ দ্রুত নিষ্পত্তি করতে হবে। জনসেবার ক্ষেত্রে কোনোভাবেই দীর্ঘসূত্রিতা কাম্য নয়। অফিসে কর্মকর্তা-কর্মচারিদের যথাসময়ে উপস্থিতি ও অফিস ত্যাগের জন্য সকলকে সচেতন হওয়ার জন্য নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এছাড়া দপ্তরের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।