প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:০৯ পিএম আপডেট: ২১.০৪.২০২৬ ৯:১১ পিএম (ভিজিট : ২৬)

X
অলরাউন্ডার আব্দুল গাফ্ফার সাকলাইন-ফাইল ছবি
নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন আনক্যাপড পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। ২৮ বছর বয়সি এই ক্রিকেটার সাম্প্রতিক সময়ে টি২০ ফরম্যাটে কার্যকরী বোলিংয়ে নজর কেড়েছেন। যার নিচের দিকে কার্যকর ব্যাটিংয়ের পাশাপাশি বড় শট খেলার সামর্থ্যও আছে।
এছাড়া জায়গা পেয়েছেন ডানহাতি পেসার রিপন মণ্ডল। ডেথ ওভারে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে। ২৩ বছর বয়সি এই ক্রিকেটার এর আগে বাংলাদেশের হয়ে তিনটি টি২০ খেলেছেন।
সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ২৯ এপ্রিল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ মে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রামে থাকছেন- অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
বাংলাদেশের প্রথম দুই ম্যাচের টি২০ দল : লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।