প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:৪৫ পিএম (ভিজিট : ৪৬)

X
সাফজয়ী বাংলাদেশ দল- ফাইল ছবি
ওমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে গতবারের মতো এবারও নিজেদের গ্রুপে ভারতকে পেয়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের অন্য দল মালদ্বীপ। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসরের গ্রুপ পর্বের ড্র বুধবার ঢাকায় অনুষ্ঠিত হয়। ‘এ’ গ্রুপে আছে নেপাল, শ্রীলংকা ও ভুটান।
আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হবে ছয় দল নিয়ে এবারের আসর। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল যাবে সেমিফাইনালে। এরপর ফাইনাল। গত দুই আসরের শিরোপা জয়ী বাংলাদেশের সামনে এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।
গত আসরেও গ্রুপ পর্বে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচটি আফঈদা-তহুরার নৈপুণ্যে ৩-০ গোলে জিতেছিল দল। ফাইনালে দ্বিতীয় শিরোপা মেয়েরা জিতেছিল নেপালকে ২-১ গোলে হারিয়ে।
এ পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়িয়েছে সাতবার। ভারত সর্বোচ্চ পাঁচবার এই শিরোপা জিতেছে। ২০২২ সালে ভারতের যাত্রা থামিয়ে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।