প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:৩১ পিএম (ভিজিট : ৫৮)

X
নীলফামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে নীলফামারীতে উদ্বোধন করা হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ।
বৃহস্পতিবার সকাল দশটায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে বেলুন উড়িয়ে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্তরে এসে শেষ হয়।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধিরাও র্যালীতে অংশ নেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সিভিল সার্জন ডাক্তার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (প:প:) মোঃ আব্দুল মান্নান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার আতিউর রহমান শেখ, জেলা তথ্য কর্মকর্তা বায়োজিত হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রশিদুল ইসলামসহ আরো অনেকে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিন শুক্রবার ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে পুষ্টি বার্তা প্রচার এবং পুষ্টিকর খাবার বিতরণ, তৃতীয় দিন শনিবার পুষ্টি খাতে বাংলাদেশ এর অর্জন ও চ্যালেঞ্জ সমূহ এবং শিশু পুষ্টির উপর আলোচনা সভা, চতুর্থ দিন রবিবার মানব সম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বিষয়ক ও কৈশোরকালীন পুষ্টি বিষয়ক রচনা ও কুইজ প্রতিযোগিতা, পঞ্চম দিন সোমবার মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবার বিষয়ক অবহিতকরণ সভা, ষষ্ঠ দিন মঙ্গলবার প্রবীন পুষ্টি ও দুর্যোগ কালীন পুষ্টি বিষয়ক সভা, সপ্তম দিন বুধবার সমাপনী ও পুরস্কার বিতরণ।