প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৭:১৬ পিএম (ভিজিট : ১২৪)

X
হামলার নিন্দা জাককানইবি সাংবাদিক সমিতির
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাককানইবিসাস)।
শুক্রবার (২৪ এপ্রিল) সংগঠনটির সভাপতি মোছাঃ জান্নাতী বেগম ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সাদ এক যৌথ বিবৃতিতে এ হামলাকে “গণমাধ্যমের কণ্ঠরোধের ঘৃণ্য অপচেষ্টা” হিসেবে উল্লেখ করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যম চর্চার ওপর সরাসরি হুমকি। এতে তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে, এমন ঘটনা ক্যাম্পাসভিত্তিক সাংবাদিকতার স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার সামনে ও থানা প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা বাধার মুখে পড়েন। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ভিডিও ধারণে বাধা দেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত করা হয়।
এ হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মানজুর হোসেন মাহি, সাধারণ সম্পাদক লিটন ইসলামসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে আরও রয়েছেন শামসুদ্দোহা নবাব, মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, হারুন ইসলাম, আসাদুজ্জামান খান ও নাইমুর রহমান ইমন।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের আচরণ শুধু আইনবিরোধী নয়, বরং এটি সংগঠিত সহিংসতার বহিঃপ্রকাশ, যা গণতান্ত্রিক পরিবেশকে ভীতসন্ত্রস্ত করে তোলে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে নির্বিঘ্ন পরিবেশ সৃষ্টি করা রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করেন নেতৃবৃন্দ।