প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:০৫ পিএম (ভিজিট : ৩৮)

X
মুশতাক আহমেদ
বাংলাদেশের ক্রিকেটে আক্ষেপের নাম হয়ে উঠেছিল একজন লেগ স্পিনার! সেই আক্ষেপ মিটিয়ে সাদা বলের ক্রিকেটে দারুণ বোলিং করে যাচ্ছেন রিশাদ হোসেন। যদিও পাকিস্তান সুপার লিগ (পিসিএল) ও সদ্যই শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজের নামের প্রতি সদ্ব্যবহার করতে পারেননি রিশাদ।
সাম্প্রতিক ফর্মের কারণে মিরপুর ও চট্টগ্রামে রিশাদকে নিয়ে বাড়তি কাজ করতে দেখা গেছে স্পিনিং কোচ মুশতাক আহমেদকে। সোমবার চট্টগ্রামে শুরু হবে টি২০ সিরিজ। তবে তার আগে শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন স্পিনিং বোলিং কোচ মুশতাক। সেখানেই তিনি জানান গুগলিতে রিশাদের আরও উন্নতির কথা, ‘ভ্যারিয়েশন, ক্রিজ ব্যবহার আর গুগলি এই তিনটি জায়গায় আমরা কাজ করছি।’
গুগলিটা আরও উন্নত করা দরকার, বিশেষ করে ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে কোন অ্যাঙ্গেলে, স্টাম্পের কাছে নাকি বাইরে বল করা উচিত এসব নিয়ে কাজ চলছে।’ মুশতাক আরও যোগ করে বলেন, ‘ক্রিজের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আমি সবসময় বলি, লেগ স্পিনারদের জন্য এটা আরও বেশি জরুরি, কারণ তারা অনেক সময় খরুচে হয়ে যেতে পারে। তাই আমরা তার অ্যাকশনকে আরও নিখুঁত করার চেষ্টা করছি, যেন সে শুধু ভালো বল নয়, ভালো ওভার করতে পারে। সে ইতোমধ্যেই অনেক উন্নতি করেছে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে একাদশে ছিলেন না রিশাদ। তবে তার বদলে দলে নেওয়া হয় তানভীর ইসলামকে। রিশাদকে ফর্মের কারণে বসিয়ে রাখা হয়নি, মূলত বেঞ্চের স্পিনারদের পরখ করতেই এমন সিদ্ধান্ত বলে জানালেন মুশতাক, ‘কখনো কখনো আপনাকে বাইরে বসতে হয়, আর তখন আপনার মানসিকতা কেমন হয়, সেটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। কোচ হিসেবে আমাদের দায়িত্ব তাকে মানসিকভাবে শক্ত করা। আন্তর্জাতিক ক্রিকেট আসলে মানসিকতার খেলা। দক্ষতা আপনাকে এখানে নিয়ে আসতে পারে, কিন্তু এখানে টিকে থাকতে হলে মানসিকভাবে শক্ত হতে হবে। তাই আমাদের লক্ষ্য হলো তাকে আরও শক্ত মানসিকতার করে গড়ে তোলা।’
মুশতাক আরও যোগ করেন, ‘সে আসলে বাদ পড়েনি। শেষ ওয়ানডেতে (দ্বিতীয় ওয়ানডেতে) সে ভালো বোলিং করেছে। আমরা শুধু অন্য স্পিনারদেরও সুযোগ দিয়ে শক্ত করতে চাই। তাই সবাইকেই সুযোগ দেওয়া হচ্ছে। যারা খেলছে না, তাদেরও মানসিকভাবে ইতিবাচক রাখা আমাদের দায়িত্ব।’