প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:৩৩ পিএম (ভিজিট : ৬৮)

X
আবু তাহের মুসুল্লী
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মুসুল্লী বলেন, নেতা নয়, জনগনের সেবক হয়ে থাকতে চাই। নাগরিক সুযোগ সুবিধাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।
শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার মির্জাপুর ইউনিয়ন আঙ্গুটিয়াচালা গ্রামের বাড়ীতে একান্ত সাক্ষাতে আবু তাহের মুসুল্লী তার প্রার্থী হাওয়ার কথা এই প্রতিবেদককে জানিয়েছেন।
আবু তাহের মুসুল্লী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শকে ভালোবেসে তারই আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) যুক্ত হই। ১৯৮৫ সালে সাবেক বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি, সাবেক বৃহত্তর গাজীপুর সদর উপজেলা যুবদলের সহ- সভাপতি এবং সাবেক জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। গত ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলের (বিএনপি) মনোনীত ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করি। গত ২০২২ সালে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হয়ে সাংগঠনিক দায়িত্ব পালন করছি। আমার নেতৃত্বে উপজেলা বিএনপি আজ ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, বিগত সময়ে উপজেলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন এলাকায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দির গুলোতে উন্নয়নের বরাদ্দ পৌঁছে দিয়েছি। যেখানে আমি ভাইস চেয়ারম্যান হয়েও সরকারি বরাদ্দের পাশাপাশি নিজস্ব অর্থ ব্যয় করে হলেও জনগণের চাহিদা পূরণে আ-প্রান চেষ্টা করেছি। আমি আশাবাদী জনগণ আবারও বিপুল ভোটে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন।
উপজেলা পরিষদ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? এমন প্রশ্নে আবু তাহের মুসুল্লী বলেন, চারটি ইউনিয়ন নিয়ে গাজীপুর সদর উপজেলা পরিষদ গঠিত। শিল্পায়নের কারণে বাড়তি লোকের চাপ দিন দিন বাড়ছে। জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মডেল মসজিদ নির্মান জরুরী। বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, গভীর নলকূপ স্থাপন, স্কুল- কলেজ ও মাদ্রাসার শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষে কাজ করা। এছাড়াও প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারি সকল সুযোগ সুবিধাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
তিনি আরও বলেন, বর্তমান সমাজে মাদকের ভয়াবহতা চারিদিকে ছড়িয়ে পড়ছে। মাদক সকল অপরাধের মূল। মাদকে আসক্তি হয়ে যুবসমাজ যে কোন অপরাধে জড়িয়ে পড়ছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেব। এইসব অপরাধী নির্মুলে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে জোরালো ভূমিকা পালন করবো। মাদকের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে জিরো টলারেন্স। আল্লাহর হুকুমে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে গাজীপুর সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে জনগণকে উপহার দিতে চাই।