প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:৪৮ পিএম (ভিজিট : ৩৮)

X
নাহিদা আক্তার।
রাজশাহীতে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি ভঙ্গের ঘটনায় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা। আচরণবিধি লঙ্ঘনের পৃথক ঘটনায় ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানার পাশাপাশি তাদের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট! গত ২৪ মাসে এটি তাদের প্রথম আচরণবিধি লঙ্ঘনের ঘটনা।
ম্যাচ চলাকালে দুটি ভিন্ন ঘটনায় এই শাস্তি পেয়েছেন তারা। ১৭তম ওভারে শ্রীলংকা অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর অতিরিক্ত উচ্ছ্বাস দেখিয়ে ‘সেন্ড-অফ’ এর ইঙ্গিত করে শাস্তি পান নাহিদা। অন্যদিকে, বাংলাদেশের ইনিংসে ১৬তম ওভারে আম্পায়ারের এলবিডাব্লিউ আউটের সিদ্ধান্তে মাঠ ছাড়তে বিলম্ব এবং ব্যাট দেখিয়ে অসন্তোষ প্রকাশ করে শাস্তি পেয়েছেন শারমিন।
ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার ছিলেন ইলোইস শেরিডান ও রোকেয়া সুলতানা। তৃতীয় আম্পায়ার ছিলেন ডলি রানী সরকার ও চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির জেসি। তারা এই অভিযোগগুলো এনেছেন। পরে দুই ক্রিকেটারই দোষ স্বীকার করে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের দেওয়া শাস্তি মেনে নেন। যার ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।