প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:০৫ পিএম (ভিজিট : ১০১)

X
অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা আর্জেন্টাইন ফরোয়ার্ড জুরিয়ান আলভারেজ
জুলিয়ান আলভারেজ বার্সেলোনায় বাড়ি খুঁজছেন-সম্প্রতি এমন খবরে তোলপাড় শুরু হয়েছিল ফুটবল অঙ্গনে। তবে এই খবরকে স্রেফ ‘বাজে কথা এবং ১০০০ শতাংশ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন তার এজেন্ট ফার্নান্দো হিদালগো। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার পক্ষ থেকে আলভারেজের প্রতি দীর্ঘদিনের আগ্রহ থাকলেও, দলবদলের এই গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২৬ বছর বয়সি আলভারেজের ভাইয়েরা কাতালোনিয়ায় তার জন্য স্থায়ী আবাস খুঁজছেন। আগামী গ্রীষ্মকালীন দলবদলে বড় অঙ্কের বিনিময়ে তার বার্সেলোনায় যোগ দেওয়া এখন কেবল সময়ের ব্যাপার বলেও গুঞ্জন ছড়িয়েছিল।
আর এই খবরের প্রতিক্রিয়ায় হিদালগো জানান, বার্সেলোনা সফরের বিষয়টি ছিল কেবল অ্যাটলেটিকোর হয়ে ম্যাচ খেলার জন্য। এছাড়া পরিবারের কেউ সেখানে কোনো ঘর খুঁজতে যাননি। তিনি জোর দিয়ে বলেন, বিশ্বকাপজয়ী এই তারকা মাদ্রিদের জীবনেই বর্তমানে পুরোপুরি মনোযোগী।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর সঙ্গে আলাপকালে হিদালগো বলেন, ‘এটি ১০০০ শতাংশ মিথ্যা। পরিবারের কেউ বার্সেলোনায় যায়নি। শেষবার যখন আতলেতিকোর ম্যাচ ছিল তখনই তারা সেখানে গিয়েছিল এবং পরদিনই মাদ্রিদে ফিরে এসেছে।’
এজেন্ট সরাসরি অস্বীকার করলেও নিজের ভবিষ্যৎ নিয়ে জুলিয়ান আলভারেজের মন্তব্য বেশ রহস্যময়। দিয়েগো সিমিওনের অধীনে অ্যাটলেটিকোতে সুখে আছেন বলে জানালেও, দলবদলের সম্ভাবনা তিনি পুরোপুরি উড়িয়ে দেননি। গত মার্চে এক সংবাদ সম্মেলনে দলবদলের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘কে জানে, হতেও পারে আবার নাও হতে পারে। আমি এখন প্রতিদিনের কাজ নিয়ে ভাবছি এবং এখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’
বাড়ি খোঁজার খবরটি মিথ্যা প্রমাণিত হলেও বার্সেলোনার আগ্রহ যে শেষ হয়ে যায়নি, তা বলাই বাহুল্য। রবার্তো লেভানডফস্কির দীর্ঘমেয়াদী উত্তরসূরি হিসেবে কাতালান ক্লাবটির পছন্দের তালিকায় আলভারেজ এখনও সবার উপরে। জুনের দলবদলে বার্সেলোনা যদি তাদের আর্থিক সমস্যার সমাধান করতে পারে, তবে আতলেতিকোর এই তারকাকে পেতে তারা বড় প্রস্তাব দিতে পারে। আপাতত মাদ্রিদে মনোযোগী হলেও গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে আলভারেজের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।