প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:১২ পিএম (ভিজিট : ১৭৪)

X
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের একনেকের ১০ম সভা অনুষ্ঠিত হয়।
জোনায়েদ সাকি বলেন, সভায় ১৭টি প্রকল্প উত্থাপন করা হয়, যার মধ্যে ১৫টি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং অধিকাংশই অনুমোদন পেয়েছে। তবে কয়েকটি প্রকল্প শর্তসাপেক্ষে অনুমোদিত হয়েছে এবং কিছু বিষয়ে সংশোধনী বা মন্তব্য রয়েছে।
তিনি আরও বলেন, পূর্বে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে। অনেক প্রকল্প এমন অবস্থায় রয়েছে, যেগুলোর প্রয়োজনীয়তা এখন আর নেই বলে মনে করা হচ্ছে।
প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে এবং ব্যয়ের খাতগুলোর যৌক্তিকতা যাচাই করতে হবে। এছাড়া প্রকল্পগুলো দেশের জনগণের জীবনমান উন্নয়নে কতটা কার্যকর এবং সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ—সেগুলোও গুরুত্ব দিয়ে বিবেচনা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।