প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:৫৫ পিএম (ভিজিট : ৬০)

X
ফাইল ছবি
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে এরমধ্যেই দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় একইসঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে, যার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২৬ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।