প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:০৮ পিএম (ভিজিট : ১২২)

X
কারা অধিদপ্তরের ডিজিটাল উদ্যোগ
দেশের কারাগারগুলোতে সেবার মান উন্নয়ন ও লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিয়েছে কারা অধিদপ্তর। বন্দিদের ব্যক্তিগত হিসাব (পিসি) তে টাকা জমা দেওয়া, ক্যান্টিন সুবিধা গ্রহণসহ সব ধরনের আর্থিক লেনদেনকে ক্যাশলেস বা নগদবিহীন ব্যবস্থায় আনার জন্য সোনালী পেমেন্ট গেটওয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কারা কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কারা অধিদপ্তরের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই হয়। এর মাধ্যমে বন্দিদের পিসিতে (প্রিজনার্স ক্যাশ অ্যাকাউন্ট) টাকা জমা দেওয়ার প্রক্রিয়া ডিজিটাল ও সহজ হবে।
নতুন এই ব্যবস্থার মাধ্যমে স্বজনরা এখন সহজেই ডিজিটাল মাধ্যমে বন্দিদের পিসি অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। এতে কারাগারে এসে দীর্ঘ লাইনে দাঁড়ানো বা নগদ অর্থ বহনের ঝামেলা অনেকটাই কমে যাবে।
কারা অধিদপ্তরের সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং দুর্নীতি বা অনিয়মের সুযোগও কমে আসবে।
ক্যান্টিনসহ অন্যান্য সেবায় বন্দিদের জন্য লেনদেন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি কারা ব্যবস্থাপনায় আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ভবিষ্যতে আরও প্রযুক্তিনির্ভর সেবা চালুর পথ সুগম করবে।