প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:৫৩ পিএম (ভিজিট : ৫৫)

X
বিমানবন্দরের রানওয়েতে যুবক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর নিরাপত্তা বেষ্টনী ভেঙে রানওয়ের কাছাকাছি প্রবেশের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানায়, আটক যুবকের নাম ফেরদৌস (২২)। তিনি অভ্যন্তরীণ টার্মিনাল এলাকা দিয়ে অ্যাপ্রোনে প্রবেশ করে রানওয়ের কাছাকাছি চলে যান, যা কঠোরভাবে নিয়ন্ত্রিত এলাকা। অনুমোদিত ব্যক্তি ছাড়া সেখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেরদৌস জানান, তিনি তার এক আত্মীয়কে রিসিভ করতে বিমানবন্দরে এসেছিলেন। ফ্লাইট অবতরণে দেরি হওয়ায় কৌতূহলবশত তিনি সামনে এগিয়ে যান এবং কোনো বাধা ছাড়াই সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক ঝুঁকির প্রেক্ষাপটে প্রবেশপথ, টার্মিনাল ও সংবেদনশীল এলাকায় অতিরিক্ত নজরদারি এবং নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। তবে কীভাবে ওই যুবক এতদূর প্রবেশ করতে পারলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে, যখন সাম্প্রতিক সম্ভাব্য নাশকতার সতর্কতার পর দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যেই এমন অনুপ্রবেশের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।