যে কারণে খুন হন শীর্ষ সন্ত্রাসী টিটন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মোহাম্মদপুরের বসিলার গরুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে হত্যা করা হয়েছে বলে

2026-04-29T17:23:10+00:00
2026-04-29T17:23:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে কারণে খুন হন শীর্ষ সন্ত্রাসী টিটন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:২৩ পিএম   (ভিজিট : ৩৭৭)
শীর্ষ সন্ত্রাসী টিটন
X

শীর্ষ সন্ত্রাসী টিটন

মোহাম্মদপুরের বসিলার গরুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তাঁর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন। তিনি বলেন, আরেক শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের সঙ্গে টিটনের বিরোধ চলছিল। 

এ ঘটনায় রিপন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। আজ বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর নিউমার্কেট থানায় মামলাটি করা হয়।

নিহত টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বলেন, ‘জামিন পাওয়ার পর টিটন দুবার যশোরে গিয়েছিল। এর মধ্যে একবার ঈদের সময় আমার সঙ্গে দেখা হয়েছিল। হত্যাকাণ্ডের কয়েকদিন আগে পিচ্চি হেলালের সঙ্গে বসিলার গরুর হাট নিয়ে বিরোধের কথা সামান্য বলেছিল। তাদের সঙ্গে ঝামেলা চলছিল। পরে বলেছিল, না বড় ভাই, ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই, দোয়া কইরেন, এটুকুই।’

তিনি আরও বলেন, ‘পুলিশকে সব জানানো হয়েছে। আমি চাই ন্যায়বিচার হোক। সবার কাছে অনুরোধ, যেন আমরা ন্যায়বিচার পাই। আমি হাসপাতালে গিয়ে আমার ভাইয়ের মরদেহ নেব। এরপর যশোরে যেতে হবে। সেখানে দাফন করা হবে।’

ইমনের সঙ্গে সম্পর্কের বিষয়ে রিপন বলেন, ‘ইমনের সঙ্গে কোনো বিরোধ ছিল না। ছোটখাটো ঘটনা ভাইবোনের মধ্যে থাকতেই পারে। এটা হত্যাকাণ্ডের পর্যায়ের কোনো বিরোধ না বলে আমি মনে করি। কারণ, ইমন আমার মায়েরও যত্ন করত। আমার দৃষ্টিতে সে ভালো ছেলে।’

আজ সকাল সাড়ে ১০টার দিকে ডিএমপির নিউমার্কেট থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, টিটন হত্যার ঘটনায় তাঁর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গতকাল রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করা হয়। ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তাঁর নাম ছিল ২ নম্বরে। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের অন্তঃকোন্দলের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।

২০০৪ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খন্দকার নাঈম আহমেদ টিটনকে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার করে। তিনি ২০১৪ সালে বাবর এলাহী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। তবে ২০২৪ সালের আগস্টে তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ১২ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে তিনি জামিনে বের হন। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy