প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:৫১ পিএম (ভিজিট : ৩৫)

X
শামীম হোসেন
চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি২০। দীর্ঘ সময় অপেক্ষার পরও খেলা শুরু করা সম্ভব না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা। বৃষ্টির এই সময়কার বিরতিতেই আবার নতুন করে আলোচনায় এসেছে শামীম হোসেনের সেই আলোচিত ‘নো লুক’ ছক্কা। প্রথম টি২০তে শামীমের খেলা ওই শটটি ইতোমধ্যেই আলোড়ন তুলেছে।
নিউজিল্যান্ডের পেসার নাথান স্মিথের করা একটি বাউন্সার উইকেটকিপারের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠান বাঁহাতি এই ব্যাটার। শট খেলার পর বলের দিকে তাকাননি তিনি, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বৃষ্টির কারণে ম্যাচ শুরুর অপেক্ষায় থাকতে থাকতে টেলিভিশন সম্প্রচারে দেওয়া সাক্ষাৎকারে শামীম জানান, এমন উদ্ভাবনী শট খেলার পেছনে বড় অনুপ্রেরণা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
শামীম বলেন, ‘আসলে এটা আমি অনেক আগে থেকে প্র্যাকটিস করি। আর আমি অনেক বেশি ডি ভিলিয়ার্সের ব্যাটিং দেখি। অনুশীলনে অবশ্যই সব সময় চেষ্টা করি এইসব ইম্প্রোভাইজিং শট কীভাবে খেলা যায়। তো সব মিলিয়েই আসলে সাফল্য পেয়েছি।’
নিজের ব্যাটিং মানসিকতা নিয়েও কথা বলেন তিনি। পরিস্থিতি অনুযায়ী ইতিবাচক থেকে নিজের শক্তির জায়গায় খেলতে চান বলে জানান শামীম। তিনি বলেন, ‘আসলে আমি যখনই ক্রিজে যাই আমি আমার ব্যাটিংয়ে ইতিবাচক থাকার চেষ্টা করি। আর ওই সময় রানও দরকার ছিল। আমি নিজের শক্তির জায়গায় বিশ্বাস রেখে অপেক্ষা করেছি। তো সেখানে আমি সফল হয়েছি।’