প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:৪৯ পিএম আপডেট: ২৯.০৪.২০২৬ ৮:৫১ পিএম (ভিজিট : ৩৫)

X
পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ
পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ এবং সাবেক ক্রিকেটারদের সমালোচনা নিয়ে অবশেষে মুখ খুললেন সরফরাজ আহমেদ। বাংলাদেশ সফরের আগে করাচিতে চলমান কন্ডিশনিং ক্যাম্পের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, বাইরের কোনো নেতিবাচক কথা তাকে লক্ষ্যচ্যুত করতে পারবে না।
সম্প্রতি সরফরাজকে লাল বলের কোচ করায় পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার প্রশ্ন তুলেছিলেন। এ প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক বলেন, ‘সাবেক সতীর্থ বা ক্রিকেটারদের ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে, তবে আমি এই নতুন সুযোগটি নিয়ে অত্যন্ত ইতিবাচক। বাইরের কোনো নেতিবাচক কথা আমাকে বিচলিত করছে না।’
নিজের কোচিং প্যানেলের ওপর পূর্ণ আস্থা রেখে তিনি জানান, উমর গুল, আসাদ শফিক ও গ্রান্ট লুডেনদের নিয়ে গড়া তার দল পাকিস্তানকে আবারও সাফল্যের পথে ফেরাতে সক্ষম। ১ মে পর্যন্ত করাচির হানিফ মোহাম্মদ হাই-পারফরম্যান্স সেন্টারে ক্যাম্প চলবে। এরপর ২ মে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে পাকিস্তান দল।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। বর্তমানে পিএসএল নিয়ে ব্যস্ত থাকা খেলোয়াড়রা টুর্নামেন্ট শেষ করে সরাসরি দলের সাথে যোগ দেবেন।
পিএসএলে পেশোয়ার জালমির হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করা বাবর আজমকে নিয়ে বেশ উচ্ছ্বসিত সরফরাজ। তিনি বলেন, ‘বাবর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। বিশেষ করে তাঁর ব্যাটিং টেকনিক এখন অনেক বেশি সলিড মনে হচ্ছে।’ তবে টি২০তে রান পেলেও টেস্টে বাবরের ভূমিকা কী হবে, তা নিয়ে আলাদা পরিকল্পনা করা হবে বলে জানান তিনি। বাবর আজম ও শান মাসুদরা ৩ মে’র পর জাতীয় দলে যোগ দেবেন।
বর্তমানে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের মাধ্যমেই পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্য সরফরাজ বাহিনীর। এই সিরিজের পর চলতি বছরে ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।
উল্লেখ্য, ২০১৭ সালে সরফরাজের নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার কোচের ভূমিকায় নতুন মিশন শুরু করলেন তিনি।