প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:২৫ পিএম (ভিজিট : ৯৪)

X
জার্মান ফুটবল দল
ফিফা বিশ্বকাপের দামামা বাজতে থাকলেও চূড়ান্ত দল ঘোষণা নিয়ে বাড়তি সতর্কতায় জার্মানি। বুন্দেসলিগার শেষ দিনের খেলা এবং চোট আক্রান্ত খেলোয়াড়দের ফিটনেস প্রমাণের সুযোগ দিতে দল ঘোষণার তারিখ ৯ দিন পিছিয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার নিশ্চিত করেছে, ১২ মে এর পরিবর্তে এখন ২১ মে ফ্রাঙ্কফুর্টে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। একই সঙ্গে খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দেওয়ার সময়ও দুই দিন পিছিয়ে ২৭ মে করা হয়েছে।
আগামী ১৬ মে বুন্দেসলিগার শেষ রাউন্ড। এরপর ২৩ মে বায়ার্ন মিউনিখ ও স্টুটগার্টের মধ্যে জার্মান কাপের ফাইনাল। জাতীয় দলের বড় একটি অংশ এই দুই ক্লাবের হওয়ায় খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দিতে চান কোচ জুলিয়ান নাগেলসম্যান। বায়ার্ন যদি ৩০ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছায়, তবে সেই খেলোয়াড়রা আরও পরে জাতীয় দলে যোগ দেবেন।
দলে থাকা একাধিক ফুটবলারের চোট নিয়ে চিন্তিত নাগেলসম্যান। টুর্নামেন্ট থেকে গত মাসে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড সার্জ নাবরি। তার সতীর্থ লেনার্ট কার্ল বর্তমানে ফিট হয়ে দলে জায়গা করে নেওয়ার লড়াই চালাচ্ছেন।
বিশ্বকাপ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে ৩১ মে ফিনল্যান্ড ও ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জার্মানি। ১৪ জুন বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে জার্মানির প্রতিপক্ষ নবাগত কুরাসাও। ‘ই’ গ্রুপে ডাই ম্যানশ্যাফটদের অন্য দুই প্রতিপক্ষ আইভরি কোস্ট ও ইকুয়েডর।