প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:৫৮ পিএম (ভিজিট : ৭৯)

X
: ম্যাচ শেষে সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছেন কেইনসহ (ডানে) বায়ার্নের ফুটবলাররা।
চোখ রাঙাচ্ছিল বড় ব্যবধানের পরাজয়। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ায় বায়ার্ন মিউনিখ। শেষ পর্যন্ত পিএসজির ডেরায় স্রেফ এক গোলের ব্যবধানে হারে তারা। দলের লড়াই করার দৃঢ় মানসিকতায় মুগ্ধ দলটির তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন। শেষ চারের ফিরতি লেগটি নিজেদের আঙিনায় হওয়ায়, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন তিনি।
প্যারিসে মঙ্গলবার সেমিফাইনালের প্রথম লেগে ৫-৪ গোলে হারে বায়ার্ন। তবে ব্যবধানটা আরও বড় হতে পারত। এক পর্যায়ে যে ৫-২ গোলে পিছিয়ে ছিল জার্মান চ্যাম্পিয়নরা। আক্রমণ, পাল্টা-আক্রমণের ম্যাচে শুরুতে অবশ্য এগিয়ে যায় বায়ার্ন। সপ্তদশ মিনিটে সফল স্পট কিকে দলকে লিড এনে দেন কেইন। কিন্তু সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ২৪তম মিনিটে শিরোপাধারীদের সমতায় ফেরান খাভিচা কাভারাৎসখেলিয়া।
এরপর জোয়াও নেভেস এগিয়ে নেন স্বাগতিকদের। সেই গোল মাইকেল ওলিসে শোধ করার পর প্রথমার্ধেই উসমান দেম্বেলের গোলে আবার এগিয়ে যায় লুইস এনরিকের দল। দ্বিতীয়ার্ধে শুরুতে ম্যাচে নিজেদের দ্বিতীয় গোল করে দলকে ৫-২ ব্যবধানে এগিয়ে নেন কাভারাৎসখেলিয়া ও দেম্বেলে। পরে দুটি গোল শোধ করেন দায়ত উপামেকানো ও লুইস দিয়াস।
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের এক লেগে সর্বোচ্চ গোলের রেকর্ড এটি। আর ইউরোপিয়ান কাপ যুগ হিসাবে নিলে যৌথভাবে সর্বোচ্চ, ১৯৫৯-৬০ মৌসুমে রেঞ্জার্স ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সেমি-ফাইনালের ফিরতি লেগ শেষ হয়েছিল ৬-৩ গোলে।
রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা এমন লড়াই দ্বিতীয় লেগেও দেখা যাবে বলে বিশ্বাস কেইনের। তবে লড়াইটি আলিয়াঞ্জ অ্যারেনায় হওয়ায় নিজেদের কিছুটা এগিয়ে রাখছেন ইংলিশ স্ট্রাইকার। আগামী সপ্তাহে যারা সুযোগ কাজে লাগাতে পারবে, তারাই পরের ধাপে যাবে। আজকে অনেক সুযোগ তৈরি হয়েছে, পরের সপ্তাহেও সম্ভবত তেমনটা হবে। ঘরের মাঠে সমর্থকদের সমর্থন জয়ের পথে এগিয়ে নিতে আমাদের সাহায্য করবে বলে আশা করি।”
“সামগ্রিকভাবে, এমন কিছু সুযোগ পেয়েছিলাম, যা কাজে লাগিয়ে আগেই খেলা শেষ করে দিতে পারতাম। ঘুরে দাঁড়িয়ে ৫-৪ গোলে ফিরে আসতে পেরেছি, তাতে আমরা গর্বিত। কারণ প্রতিপক্ষের মাঠে ৫-২ গোলে পিছিয়ে থাকাটা কঠিন এক পরিস্থিতি। কিন্তু আমরা লড়াই করেছি এবং লড়াইয়ে টিকে আছি।”
আগামী বুধবার ফিরতি লেগে মুখোমুখি হবে দল দুটি।