প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৩৭ পিএম (ভিজিট : ৫৪)

X
গ্রেফতার ৭
গাজীপুরের টঙ্গীর কেরানীর টেক বস্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ৭ জনকে গ্রেফতার করেছে। এতে ৪ পুলিশসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) রাত ১১ টার দিকে টঙ্গীর আমতলী কেরানীর টেক বস্তিতে এই ঘটনা ঘটে।
জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: বেলায়েত হোসেন বিপুল সংখ্যক পুলিশ নিয়ে কেরানীর টেক মাদক বস্তিতে অভিযান চালায়। এসময় মাদক কারবারীরা পুলিশের উপর হামলার চেষ্টা করে পুলিশকে ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। মাদক কারবারিদের আক্রমণ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় ৪ পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়। এক পর্যায়ে মাদক কারবারীরা পিছু হটলে পুলিশ ৭ জনকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে আসে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) বেলায়েত হোসেন মধ্যরাতে টঙ্গী পূর্ব থানার একটি প্রস ব্রিফিং করেন।
প্রেস ব্রিফিং এ বলা হয়, বুধবার রাত পৌনে ১০ টায় গোপন সংবাদের ভিতিত্তে সহকারী পুলিশ কমিশনার মোঃ আছাবুর রহমান এর নেতৃত্বে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর ডিবি (উত্তর ও দক্ষিণ) বিভাগের যৌথ টিম টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘি আমতলী কেরানীরটেক এলাকায় মাদক উদ্ধার অভিযানে যায়। সেখানে গেলে উক্ত এলাকার একাধিক মাদক মামলার আসামি রুনা আক্তার ওরফে রুনা বেগমের বাসার সামনে উপস্থিত হলে আসামি শাহীন (৩৬), সোহেল (২৮), রায়হান (১৯), রওশন আরা (৩০), সুমি আক্তার (২৪), নূরজাহান (৫৩), বিউটি আক্তার (৫৬) ও পলাতক আসামি রুনা আক্তার ওরফে রুনা বেগমসহ (৩৮) অজ্ঞাতনামা ১০/১২ জন আসামি লোকজন জড়ো করে ডিবি পুলিশের উপর অতর্কিত হামলা চালায়।
এতে পুলিশ সদস্য আরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম, এএসআই নুরে আলম ও নারী পুলিশ সদস্য জাহানারা আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪টি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায় পুলিশ। পরে গঠনের সাথে জড়িত সাতজনকে গ্রেফতার করে পুলিশ।