প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:৫৩ পিএম (ভিজিট : ৮৯)

X
নকলায় জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ১৪দফা দাবিতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
শেরপুরের নকলায় সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, ১৪ দফা দাবির বাস্তবায়ন এবং জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ১১টার সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নকলা উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের হলমোড় এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
সাংবাদিক শাফিউজ্জামান রানা'র সভাপতিত্বে ও সাংবাদিক ফিরোজের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহম্মেদ, শফিউল আলম লাভলু, নাহিদুল ইসলাম রিজন, শান্ত রায়, আব্দুল্লাহ আল আমিন, বিজয় টিভির সাংবাদিক, ইউসুফ আলী মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, "সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে গেলেও তাদের ন্যায্য অধিকার ও কর্মস্থলের নিরাপত্তা এখনো অবহেলিত। মফস্বল সাংবাদিকদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়ন করা এখন সময়ের যৌক্তিক দাবি।"
বক্তারা আরও বলেন, গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমেই কেবল পেশাগত অধিকার নিশ্চিত করা সম্ভব। অবিলম্বে সাংবাদিকদের এসব দাবি মেনে নিতে সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি তারা জোর দাবি জানান।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে নকলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।