
X
চারঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত
রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম রমজান আলী সরকার রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চারঘাট প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) চারঘাট উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য জনাব মোঃ আবু সাঈদ চাঁদ এমপি।
স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) রাহাতুল করিম মিজান, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জনাব জাকিরুল ইসলাম (বিকুল) এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা মামুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,সাবেক সাধারন সম্পাদক নুরুজ্জামান,মরহুম রাঙ্গার ছেলে-প্রভাষক ওবায়দুর রহমান রিগেন।
প্রধান অতিথি এমপি আবু সাঈদ চাঁদ বলেন, “মরহুম রমজান আলী সরকার রাঙ্গা ছিলেন এই অঞ্চলের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সমাজসেবক। তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।”
ইউএনও রাহাতুল করিম মিজান বলেন, “গুণীজনদের স্মরণ করার মাধ্যমে সমাজে ভালো কাজের স্পৃহা বাড়ে। রমজান আলী সরকার রাঙ্গা চারঘাটের উন্নয়নে যে অবদান রেখেছেন তা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে।”
সাংবাদিক গোলাম মোস্তফা মামুন বলেন, রাঙ্গা ভাই ছিলেন,সামাজিক,সাংস্কৃতিক গঠনের আদর্শবান নেতা। তার হাত ধরে চারঘাটে অনেক সাংবাদিক তৈরি হয়েছে।
চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল বলেন, “রাঙ্গা ভাই ছিলেন সকল দলের ঊর্ধ্বে। মানুষের বিপদে-আপদে তিনি সবসময় পাশে দাঁড়াতেন।” সাংবাদিক আব্দুল লতিফ মিঞা বলেন,মরহুম রাঙ্গা উত্তরাঞ্চলের জাতীয় দৈনিক বার্তায় কাজ করতেন। তার জীবদ্দশায় সাংবাদিকতার পাশাপাশি সমাজ গঠনেও অবদান রেখেছেন।
চারঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও প্রেস ক্লাবের আহ্বায়ক মাইনুল ইসলাম সান্টু ও সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক, বাঘা প্রেসক্লাব,পুঠিয়া প্রেসক্লাবের সাংবাদিক সহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও মরহুমের শুভাকাক্সক্ষীরা অংশ নেন।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চারঘাট মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ আতিকুর রহমান। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।#