প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:৫২ পিএম (ভিজিট : ৩৫)

X
ফাইল ছবি
চাঁদা আদায়ের অভিযোগ তুলে চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
বুধবার (৬ মে) সকালে শ্রমিকরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।
জানা গেছে, ইপিজেড থেকে আনোয়ারামুখী শ্রমিকবাহী রিজার্ভ গাড়ি থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র চাঁদা আদায় করে আসছিল। এর প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। স্থায়ীভাবে এই চাঁদাবাজি বন্ধের দাবিতে তারা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
শ্রমিকদের অভিযোগ, জোরপূর্বক চাঁদা আদায়ের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত এই চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে ইপিজেড থানার ওসি আতিকুর রহমান বলছেন ভিন্ন কথা। তিনি জানান, শ্রমিকরা যেসব গাড়িতে যাতায়াত করতো হঠাৎ করে সেসব গাড়ির ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে শ্রমিকরা অন্য গাড়িতে যাওয়ার চেষ্টা করলে তাদের দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরেই মূলত শ্রমিকরা আন্দোলনে নামে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।