প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১:০৭ এএম আপডেট: ০৭.০৫.২০২৬ ২:৫৩ এএম (ভিজিট : ৩১১)

X
নিহত পিএস চন্দ্রনাথ
গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করা হয়েছে ভারতের নতুন মুখ্যমন্ত্রী হতে যাওয়া শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে (পিএস)। তার নাম চন্দ্রনাথ রথ।
ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, বুধবার (৬ মে) মধ্যরাতে চন্দ্রনাথের বুকে অন্তত দুটি গুলি করা হয়। গাড়ির কাচ ভেদ করে গুলি তার বুকে লাগে।
স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক লাইভে বলেন, চন্দ্রনাথের বুকের বামদিকে গুলি লাগে। তিনি স্পট ডেড। গাড়িতে আরেকজন ছিলেন। তার হাতে এবং পেটে গুলি লেগেছে।
আহত ওই ব্যক্তিকে পরে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা গুরুতর। এ সময় গাড়িতে থাকা শুভেন্দু অধিকারীর পিএসের গাড়ির চালকও আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে পাওয়া প্রাথমিক তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে যে, হামলাকারীরা আগে থেকেই চন্দ্রনাথের গাড়িটি অনুসরণ করছিল। একটি সূত্র জানিয়েছে, কেউ একজন তার গাড়িটি অনুসরণ করছিল। যখনই গাড়ির গতি কমেছে, তখনই তারা গুলি চালায়।
এই হামলায় চন্দ্রনাথের গাড়িচালকও গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতালের বাইরে ব্যাপক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
কলকাতার উপকণ্ঠ মধ্যমগ্রামে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হলেও হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।