প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:১১ পিএম (ভিজিট : ৫৭)

X
কসোভোর রাষ্ট্রদূত H. E. Lulzim Pllana এর চট্টগ্রাম বন্দর পরিদর্শন
কসোভোর রাষ্ট্রদূত H. E. Lulzim Pllana চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন।
বৃহষ্পতিবার (৭ মে) Embassy of the Republic of Kosovo in Dhaka এর রাষ্ট্রদূত H. E. Lulzim Pllana কে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ স্বাগত জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে সামুদ্রিক সহযোগিতা, বন্দর উন্নয়ন, লজিস্টিকস ব্যবস্থাপনা এবং বাংলাদেশ ও বলকান অঞ্চলের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে আলবেনিয়ার সমুদ্রবন্দর সমূহের ব্যবহারের মাধ্যমে কসোভোর সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময়, কার্গো হ্যান্ডলিং এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে নৌ-খাত, তথ্য প্রযুক্তি, শিক্ষা ও বন্দর ব্যবস্থাপনার উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে বন্দরের সার্বিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়ন কার্যক্রমের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরবর্তীতে মান্যবর রাষ্ট্রদূত বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন এবং বন্দরের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি বন্দরের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন), পরিচালক (নিরাপত্তা),চীফ হাইড্রোগ্রাফার, প্রধান চিকিৎসা কর্মকর্তা ও চীফ পারসোনেল অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।