প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৮:০৪ পিএম (ভিজিট : ২০)

X
মুশফিকুর রহিম ও তামিম ইকবাল-ফাইল ছবি
মিরপুর টেস্টে শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে সতীর্থদের সঙ্গে নিয়ে ৩৯তম জন্মদিনের কেক কেটেছিলেন মুশফিকুর রহিম। ব্যাট হাতে নিজের বিশেষ দিনটিকে আরেকটু রাঙিয়ে তুললেন বাংলাদেশের ‘মিস্টার ডিফেন্ডেবল’। মুশফিক টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। তবে আরেকটি রেকর্ডে ছাড়িয়ে গেলেন স্বদেশি সব ব্যাটসম্যানকে। ভেঙেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালের কীর্তি।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চলছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এই ম্যাচ শুরুর আগে টেস্টে টাইগার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৪১টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলার রেকর্ড ছিল যৌথভাবে তামিম ও মুশফিকের। এরপর শনিবার সাবেক সতীর্থ ও বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতিকে ছাড়িয়ে গেলেন মুশফিক। তামিমকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে আছেন মুমিনুল হকও। টেস্টে তার পঞ্চাশোর্ধ রানের ইনিংস ৩৯টি।
চলমান মিরপুর টেস্টের প্রথম দিনেই হাফসেঞ্চুরির পথে ছিলেন মুশফিক। অপরাজিত ছিলেন ৪৮ রানে। দ্বিতীয় দিনের খেলা শুরুর পর চতুর্থ ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে মুশফিক সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন। ভালো শুরুও পেয়েছেন অপর সঙ্গী লিটন কুমার দাসও। টানা তিনটি চার হাঁকান আফ্রিদির এক ওভারে। যদিও টিকতে পারেননি বেশিক্ষণ। স্লিপে একবার জীবন পেলেও মুহাম্মদ আব্বাসের বলে বিলাসী শট খেলার চেষ্টায় ৬৭ বলে ৩৩ রানে তালুবন্দী হয়েছেন লিটন।
এদিকে, এ নিয়ে টেস্টের সর্বশেষ তিন ইনিংসেই ন্যূনতম ৫০ রানের দেখা পেয়েছেন মুশফিক। গত বছর নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে আগের দুই ইনিংসে তিনি ৫৩* ও ১০৬ রান করেছিলেন। সেটি ছিল আবার তার শততম মাইলফলক টেস্ট। চলমান মিরপুর টেস্টে তার কাছ থেকেও ম্যাজিক ফিগার দেখতে চাইবে টাইগার ক্রিকেটভক্তরা।
মিরপুর টেস্টে শুক্রবার ৪৮ রান নিয়ে প্রথম দিরে খেলা শেষ করেছিলেন মুশফিক। আর ২ রান হলেই ফিফটির দেখা পেয়ে যেতেন তিনি। কিন্তু সে অপেক্ষা শনিবার দ্বিতীয় দিনে ঘুচে গেল তার। দিনের চতুর্থ ওভারেই ফিফটি পূরণ করলেন তিনি। আর তাতেই তিনি ভেঙে দিয়েছেন তার সাবেক সতীর্থ ও বর্তমান সভাপতি তামিম ইকবালের রেকর্ড।
টেস্টের বিশালতার মাপকাঠিতে ফিফটি অর্জন হিসেবে বেশ ছোটই। তবে এবারের ফিফটি নতুন এক অর্জন এনে দিয়েছে তাকে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস এখন তার নামের পাশেই।
রেকর্ডটা এতদিন তামিমের নামের পাশে ছিল। ৪১টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস ছিল তার। গেল বছর আয়ারল্যান্ড সিরিজে দুই ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মুশফিক। শনিবার সেই কীর্তিটি একান্তই নিজের করে নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
তবে বিশ্বরেকর্ডটা মুশফিক থেকে অনেক দূরেই অবস্থান করছে। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের কীর্তি শচীন টেন্ডুলকারের। ১১৯টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন তিনি। মুশফিকের জন্য এই রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব। তবে শচীনের এই কীর্তি অচিরেই ভেঙে যেতে পারে। ১০৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস নিয়ে খুব কাছেই অবস্থান করছেন জো রুট।