
X
বাংলাদেশ এন্ডোডোন্টিক সোসাইটির সাধারণ সভা
দেশের ডেন্টাল চিকিৎসা খাতের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সদস্যদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ এন্ডোডোন্টিক সোসাইটির মেগা গেট-টুগেদার ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ থেকে ১০ মে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডেন্টাল বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ এন্ডোডোন্টিক সোসাইটির সভাপতি এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. মুজিবুর রহমান হওলাদার বলেন, ডেন্টাল চিকিৎসাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখাগুলোর মধ্যে এন্ডোডোন্টিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ। দাঁতের অভ্যন্তরীণ সংক্রমণ, ব্যথা ও জটিল সমস্যা নিরাময়ে এ শাখার ভূমিকা অত্যন্ত কার্যকর।
তিনি আরও বলেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে আক্রান্ত দাঁতকে সংরক্ষণ করে সুস্থ করে তোলা সম্ভব হচ্ছে। এ কারণে দেশে দক্ষ এন্ডোডোন্টিস্ট তৈরিতে প্রশিক্ষণ ও গবেষণার বিকল্প নেই।
বাংলাদেশ এন্ডোডোন্টিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবুল হাসান বলেন, এ ধরনের আয়োজন সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করে। পাশাপাশি চিকিৎসকদের অভিজ্ঞতা বিনিময় এবং নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে কোষাধ্যক্ষ ও স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল পরিচালক অধ্যাপক ডা. নাজমুল হক সাম্প্রতিক বৈজ্ঞানিক সম্মেলনের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়েও আলোচনা করেন।
অফিস সেক্রেটারি ডা. আসাফুজ্জোহা রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের খ্যাতিমান ডেন্টাল বিশেষজ্ঞ চিকিৎসকরা।
সভায় উপস্থিত ছিলেন ডা. আব্দুর রহিম, ডা. আব্দুল কাদের রুবেল, ডা. এহসানুল নবী, ডা. মাহবুদুর রহমান কল্লোল, ডা. রিজোয়ান চৌধুরী, ডা. কামরুন নাহার, ডা. রাফিয়া নাজনিন, ডা. নাসিমা খান, ডা. শিরিন আফরোজ, ডা. মো. শাফিউল্লাহ, ডা. আসাদুজ্জামান, ডা. সায়মা লিজা, ডা. ফারজানা আনার, ডা. আজাহার মতিন, ডা. ফাহাদ করিম, ডা. কাজী মাহমুদ, ডা. হাসান আলী, ডা. রাফেজা মিলি, ডা. জলি, ডা. জাকিয়া খান, ডা. নার্গিস আরা, ডা. মাশরুর, ডা. শিরিন সুলতানা, ডা. তোজাম্মেল হোসেন, ডা. রনি কবির, ডা. জান্নাতুন ও ডা. গোলাম সাব্বিরসহ প্রায় অর্ধশতাধিক ডেন্টাল বিশেষজ্ঞ চিকিৎসক।
অনুষ্ঠানে বছরব্যাপী পেশাগত উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি, গবেষণা কার্যক্রম এবং সাধারণ মানুষের মুখগহ্বরের স্বাস্থ্যসেবা উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দেশের ডেন্টাল চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।