প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:৩৩ পিএম (ভিজিট : ৬৭)

X
বিএমইউতে সেমিনার
আন্তর্জাতিক মানের গবেষণা ও উচ্চ-প্রভাবসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ)-এ “ফর্ম আইডিয়া টু ইমপ্যাক্ট: ডেভেলপিং এ পাবলিশ্যাবল রিসার্চ কোশ্চেন ইন হাই ইমপ্যাক্ট জার্নালস (From Idea to Impact: Developing a Publishable Research Question in High-Impact Journals)” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিএমইউ এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল আইকিউএসি এই অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার (১৩ মে) বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি গবেষণাভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রকাশনার গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটি (Federation University)-এর ইনস্টিটিউট অফ হেলথ এন্ড ওয়েলবিং (Institute of Health and Wellbeing)-এর গবেষণা বিষয়ক সহযোগী ডীন (Associate Dean of Research) এবং পাবলিক হেলথ এ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার (Public Health Association of Australia (PHAA)-এর ভাইস প্রেসিডেন্ট (Vice President) অধ্যাপক ডা. মুহাম্মদ আজিজ রহমান। তিনি গবেষণার বিষয় নির্বাচন, গবেষণা প্রশ্ন তৈরির কৌশল, উচ্চ-ইমপ্যাক্ট জার্নালে প্রকাশনার চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক গবেষণা মানদ- বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)’র সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. রিফাত রহমানের সঞ্চালনায় সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, নিওন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুল মান্নান, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম, বিএমইউ জার্নালের এক্সিকিউটিভ এডিটর এম মোস্তফা জামান, পিএইচডি, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ডা. ফারজানা ইসলাম, পিএইচডি, প্রমুখসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনের বাস্তব অভিজ্ঞতা ও কার্যকর দিকনির্দেশনা লাভ করেন বলে জানান।
সেমিনার শেষে উপাচার্য কক্ষে অধ্যাপক ডা. মুহাম্মদ আজিজ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তাঁর গবেষণা ও একাডেমিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিএমইউ’র পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আয়োজকরা জানান, গবেষণার গুণগত মান উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং তরুণ গবেষকদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।