প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:৫১ পিএম (ভিজিট : ৪১)

X
এনকেলাব স্কয়ারে ফুটবল বিশ্বকাপগামী জাতীয় দলের জন্য একটি বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ইরান
ইরানের রাজধানী তেহরান যেন রূপ নিল উৎসবের শহরে। এনকেলাব স্কয়ারে হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে বিশ্বকাপগামী জাতীয় দলের জন্য একটি বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ইরান। যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়া নিয়ে তৈরি হওয়া উদ্বেগের মধ্যেই এই অনুষ্ঠানটি সম্পন্ন হলো।
ইরানের খেলোয়াড়রা দেশাত্মবোধক বক্তব্য দেওয়ার সময় উপস্থিত জনতা তাদের ব্যাপক করতালি দিয়ে উৎসাহিত করেন। এই অনুষ্ঠানেই ইরানের বিশ্বকাপের জার্সি উন্মোচন করা হয়। এখান থেকেই দলটি তাদের পরবর্তী প্রস্তুতির জন্য তুরস্কে একটি প্রশিক্ষণ ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হবে।
ইসলামিক রিপাবলিক অফ ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘গত চারটি বিশ্বকাপ অভিযানের মধ্যে এটিই সেরা বিদায় সংবর্ধনা।
মেহেদি তাজ আরও যোগ করেন, ‘খেলোয়াড়রা জনগণের সঙ্গে আছে এবং এই জনতা দেশের মর্যাদা, সম্মান ও শক্তির পক্ষে দাঁড়িয়েছে। ফলাফল যা-ই হোক না কেন, সেখানে যেন ইরানের পতাকা উড্ডীন থাকে এবং রক্ষা করা হয়।’
গত ২৮শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রেক্ষাপটে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। এরমধ্যে কদিন আগে তাজ-এর নেতৃত্বে এফএফআইআরআই-এর একটি প্রতিনিধি দল টরন্টোর প্রধান বিমানবন্দর থেকে ফিরে যায়। কানাডিয়ান ইমিগ্রেশনের আচরণের সমালোচনা করে তারা ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত বিশ্বকাপ-পূর্ব ফিফার একটি সভা মিস করেন। তাদের দাবি, বৈধ ভিসা থাকা সত্ত্বেও ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের সাথে ‘অগ্রহণযোগ্য আচরণ’ করেছেন।
এবারের বিশ্বকাপে ইরানের তিনটি গ্রুপ পর্বের ম্যাচই মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে খেলোয়াড় এবং কর্মকর্তাদের ভিসা নিশ্চিত করে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পুরো দায়িত্ব এখন ফিফার ওপর ছেড়ে দিয়েছে ইরান।
এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হেদায়েত মোমবেইনি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘ভিসা সংক্রান্ত কোনো খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই এর সমাধান হয়ে যাবে।’
হেদায়েত মোমবেইনি আরও যোগ করেন, ‘ফিফা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে। আশা করি সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হবে এবং খেলোয়াড়রা সময়মতো তাদের ভিসা পেয়ে যাবেন।’
আগামী ২৯ মে আনতালিয়াতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে গাম্বিয়ার মুখোমুখি হবে ইরান। মোমবেইনি জানিয়েছেন, তুরস্কে অবস্থানকালীন তারা আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।