
X
জাপান জাতীয় ফুটবল দলের সদস্যরা-ফাইল ছবি
বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল জাপান। শুক্রবার ২৬ সদস্যের দল ঘোষণা করেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু। সেখানে নেই দলের অন্যতম বড় তারকা ২৮ বছর বয়সি ব্রাইটনের উইঙ্গার কাওরু মিতোমার নাম।
গত সপ্তাহে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ব্রাইটনের ৩-০ গোলের জয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এর ফলে লিডস ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মৌসুমের শেষ দুই প্রিমিয়ার লিগ ম্যাচেও খেলতে পারবেন না এই উইঙ্গার।
বিশ্বকাপে গ্রুপ ‘এফ’-এ থাকা জাপান ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। এরপর ২১ জুন তিউনিসিয়া এবং পাঁচ দিন পর সুইডেনের মুখোমুখি হবে তারা। দল ঘোষণার পর আবেগাপ্লুত মোরিয়াসু বলেন, ‘আমরা দলের এক বড় তারকাকে হারালাম।’
তিনি আরও বলেন, ‘এটা তাকে অন্য সবার চেয়ে বেশি কষ্ট দেবে। আমি আশা করি, এই ধাক্কা কাটিয়ে সে দ্রুত সুস্থ হয়ে আবার স্বাধীনভাবে খেলতে ফিরবে।
মিতোমা না থাকলেও জাপান দলে জায়গা পেয়েছেন লিভারপুলের ওয়াতারু এন্দো, ক্রিস্টাল প্যালেসের দাইচি কামাদা, লিডস ইউনাইটেডের আও তানাকা ও সেলটিক ফরোয়ার্ড দাইজেন মায়েদা। রিয়াল সোসিয়েদাদের তাকেফুসা কুবো, বায়ার্ন মিউনিখের হিরোকি ইতো ও আর্সেনাল থেকে আয়াক্সে যাওয়া তাকেহিরো তোমিয়াসুও আছেন দলে।
জাপানের বিশ্বকাপ দল : গোলকিপার: জায়ন সুজুকি, তোমোকি হায়াকাওয়া, কেইসুকে ওসাকো। রক্ষণভাগ: ইউতো নাগাতোমো, শোগো তানিগুচি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আইয়ুমু সেকো, ইয়ুকিনারি সুগাওয়ারা, জুনোসুকে সুজুকি। মধ্যমাঠ ও আক্রমণভাগ: ওয়াতারু এন্দো, জুনিয়া ইতো, দাইচি কামাদা, কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, রিতসু দোয়ান, আয়াসে উয়েদা, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সান্নো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি, কেন্টো শিগাই ও কেইসুকে গোতো।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে এবারের ৪৮ দলের বিশ্বকাপ।